বিনা বিচারে কারাবাস শেষে দেশে ফিরলেন মা ও ছেলে
জয়ন্তী বিশ্বাস (৪৮) ও তাঁর ছেলে প্রাণতোষ বিশ্বাস (২৬) ভারতীয় নাগরিক। বাংলাদেশে স্বজনের বাড়িতে বেড়ানোর উদ্দেশে তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ফেলেন। এর দায়ে তাঁরা মৌলভীবাজারের কারাগারে এক মাস সাজা খাটেন। তবে আইনি জটিলতার কারণে দেশে ফিরতে না পারায় কারাগারেই থাকতে হয় তাঁদের। এরপর কেটে যায় প্রায় এক বছর। আইনি জটিলতার সমাধান হলে গত শনিবার মা-ছেলে দেশে ফেরেন। তাঁদের বাড়ি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বাজারি ছড়া থানার খাগড়াগুড়া গ্রামে।
কারা কর্তৃপক্ষ ও স্বজনদের সূত্রে জানা গেছে, জয়ন্তীর বড় মেয়ে রত্না বিশ্বাসের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামে। গত বছরের ২৩ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদল তাঁদের আটক করে কুলাউড়া থানার পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়। পরে পুলিশ আদালতের মাধ্যমে মা ও ছেলেকে মৌলভীবাজার কারাগারে পাঠিয়ে দেয়। ওই বছরের ১০ এপ্রিল মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ৫ নম্বর আমলি আদালত তাঁদের এক মাসের সাজা ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের সাজা দেন। সাজার মেয়াদ ওই বছরের মে মাসেই শেষ হয়ে যায়।
মৌলভীবাজার কারাগারের উপকারা কর্মকর্তা (ডেপুটি জেলার) আবদুস সোবহান গত শনিবার বিকেলে বলেন, বেলা দুইটার দিকে জয়ন্তী ও প্রাণতোষকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কারা কর্মকর্তা বলেন, সাজা শেষ হওয়ার পর মা ও ছেলেকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে আইনি জটিলতা দেখা দিয়েছিল। প্রথমে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। এরপর তাঁদের কোন চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হবে, সে ব্যাপারে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে ছাড়পত্র নিতে হয়। এতে বেশ সময় লেগে যায়।
জয়ন্তী বিশ্বাসের মেয়ে দিনমজুর রত্না বিশ্বাস মুঠোফোনে বলেন, তাঁর মা-বাবা ২৫-৩০ বছর আগে বাড়িঘর ও জমিজমা বিক্রি করে ভারতে চলে যান। ভারতের এক দালালের সহযোগিতায় তাঁর মা ও ভাই অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়েন। তাঁরা দেশে ফিরে যেতে পারায় তিনি খুশি।