
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনটি আবাসিক ভবন। এই ভবনগুলোতে মোট ২২টি ইউনিট। শ্রেণিভেদে ইউনিটগুলোতে রয়েছে চার-পাঁচটি কক্ষ। একটি পরিবারের জন্য দরকারি খাট, সোফা, আলনা, আলমারি, খাবার টেবিল—জরুরি সব আসবাবই রয়েছে প্রতিটি ইউনিটে। এখানে থাকার জন্য কর্মকর্তা-কর্মচারীরা প্রতি মাসে বেতনের সঙ্গে ভাড়া পান। কিন্তু বর্তমানে বসবাসকারী নয় কর্মকর্তা-কর্মচারীর কেউই এখন পর্যন্ত একটি টাকাও ভাড়া হিসেবে পরিশোধ করেননি।
এই নয়জনের মধ্যে খোদ রেজিস্ট্রার সেলিম আহমদও রয়েছেন। তিনিসহ অন্যরা ‘অস্থায়ী’ বসবাস দেখিয়ে বিনা ভাড়ায় কয়েক বছর ধরে কলেজের আবাসিক ভবনে বসবাস করছেন। এই বাবদ সরকারের প্রায় ৫০ লাখ টাকা গচ্চা যাওয়ার উপক্রম হয়েছে।
২০০৮ সালে নগরের টিলাগড় এলাকায় যাত্রা শুরু করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনায় আবাসন-সুবিধাসহ সব অবকাঠামো চারদলীয় জোট সরকারের আমলে নির্মাণ করা হয়। আট একর জায়গায় এই নির্মাণকাজ ২০০৫ সালের ৬ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হয় ২০০৮ সালে। সব মিলিয়ে কলেজে ছোট-বড় ১৫টি ভবন রয়েছে। ৫০০ শিক্ষার্থীর আবাসন-সুবিধা ছাড়াও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে তিনটি আবাসিক ভবন। কিন্তু কলেজে লোকবল-সংকটের কারণে এসব ভবনের অনেক ইউনিট খালি পড়ে আছে।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তিন আবাসিক ভবনে অধ্যক্ষ থেকে শুরু করে গ্রন্থাগারিক পর্যায়ের কর্মকর্তাদের আবাসন-সুবিধা রয়েছে। এ ছাড়া রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও নিরাপত্তাপ্রহরীদের জন্য আবাসন-সুবিধা। বর্তমানে এঁদের মধ্যে রেজিস্ট্রার সেলিম আহমদ, ইনস্ট্রাক্টর আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, রফিকুল ইসলামসহ আরও পাঁচজন ভবনগুলোতে বসবাস করছেন।
রেজিস্ট্রার ও কর্মচারী চারজন শুরু থেকেই কলেজের আবাসিক ভবনে বসবাস করছেন। বাকিদের মধ্যে তিনজন তিন বছর ও দুজন দুই বছর ধরে আছেন। কিন্তু নয়জনের কেউ-ই শুরু থেকে ভাড়া দিচ্ছেন না। বিনা ভাড়ায় বসবাসের বিষয়টি সবাই স্বীকারও করেছেন। তবে এই বসবাস ‘অস্থায়ী’ হওয়ায় তাঁরা ভাড়া পরিশোধ করছেন না বলে তাঁদের দাবি।
কলেজ প্রশাসন সূত্র জানায়, নয়জনের সবাই বেতনের সঙ্গে বাসা ভাড়া পান। বিধি অনুযায়ী ওই টাকা প্রতি মাসে পরিশোধ করার কথা। কিন্তু তাঁরা বসবাসস্থলকে ‘অস্থায়ী’ দেখিয়ে শুধু গ্যাস ও বিদ্যুৎ বিল নিজ থেকে পরিশোধ করছেন। গড়ে সর্বোচ্চ ১০ হাজার থেকে সর্বনিম্ন তিন হাজার টাকা বাসাভাড়া ধার্য করলে নয়জনের ভাড়া বাবদ সরকারের প্রায় ৫০ লাখ টাকা গচ্চা যাচ্ছে।
অভিযোগ রয়েছে, বাসাভাড়া না দেওয়ার বিষয়টি এককভাবে নিয়ন্ত্রণ করছেন রেজিস্ট্রার সেলিম আহমদ। তিনি সবচেয়ে পুরোনো কর্মকর্তা হওয়ায় কলেজ প্রশাসনে প্রভাব খাটিয়ে আবাসিক ভবনে ‘অস্থায়ী’ বসবাস প্রথা চালু করেছেন। তাঁর বাসায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা কম্পিউটারও ব্যবহৃত হয়।
বাসায় শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহারের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রেজিস্ট্রার সেলিম আহমদ। তবে তিনি প্রায় আট বছর ধরে বিনা ভাড়ায় থাকার বিষয়টি স্বীকার করেছেন।
বেতনের সঙ্গে বাসাভাড়া পেলেও পরিশোধ করছেন না, এমন প্রশ্নে সেলিম আহমদ বলেন, ‘আমরা তো এখানে কাগজ-কলমে নয়, অস্থায়ীভাবে আছি। এটি অধ্যক্ষেরও জানা। যে যেখানে বসবাস করছি, সম্পূর্ণ অস্থায়ী। এ অবস্থায় বাসাভাড়া পরিশোধ করা যায় না।’ তাহলে বাসাভাড়া বাবদ পাওয়া টাকার কী হয়, এ প্রশ্নে তিনি কোনো মন্তব্য না করে অধ্যক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
বর্তমানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের দায়িত্ব প্রেষণে পালন করছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল হালিম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি গত নভেম্বরে এখানে এসেছি। এ বিষয়ে মোটেও অবহিত নই। তবে এমন তো হওয়ার কথা নয়, খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’