বিনা মূল্যে স্বাস্থ্যসেবার নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম ও শাজাহানপুর উপজেলায় বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত শাজাহানপুরের চক্ষুশিবিরে আসা দুই ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডাদেশ পাওয়া দুই ব্যক্তি হলেন: বগুড়ার চারমাথা এলাকার মিজানুর রহমান (২৮) ও ছিলিমপুর এলাকার নুরুল ইসলাম (৪৫)।
নন্দীগ্রাম উপজেলার বীরপলি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বীরপলি বাজারের ওষুধ ব্যবসায়ী ইউসুব আলী তাঁর প্রতিষ্ঠানের প্রচারণা বাড়াতে গত শনিবার বিনা মূল্যে চিকিৎসাশিবিরের আয়োজন করেন। এ কাজে সহযোগিতা করেন স্থানীয় কয়েকজন। বিনা মূল্যে চিকিৎসাশিবিরে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা জানিয়ে কয়েক দিন ধরে এলাকায় মাইকে প্রচারণা চালানো হয়। শনিবার সকাল নয়টা থেকে বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরে চিকিৎসা দিতে আসেন বগুড়া শহরের কয়েকজন চিকিৎসক। বিনা মূল্যে চিকিৎসাসেবার কথা বলা হলেও রোগীপ্রতি ১০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।
চিকিৎসাসেবা নিতে আসা রাশেদা বেগম, রওশন আরা, নাজমা বেগমসহ ছয়-সাতজন জানান, বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার কথা শুনে শিবিরে গেলেও আয়োজকেরা জনপ্রতি ১০০ টাকা করে আদায় করেছেন।
আয়োজকদের অন্যতম ইউসুব আলী টাকা নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, শিবিরে শ-খানেক রোগী আসেন। এর মধ্যে ৩০ থেকে ৩২ জনের কাছ থেকে ১০০ টাকা এবং ৭০ জনের কাছ থেকে ৩০ থেকে ৫০ টাকা করে নেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৩ হাজার টাকা টাকা উঠেছে। এর মধ্যে ১০ হাজার টাকা চিকিৎসকদের আপ্যায়নে খরচ হয়েছে। অবশিষ্ট তিন হাজার টাকা স্থানীয় একটি খানকা শরিফের উন্নয়নে ব্যয় করা হবে।
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই স্বাস্থ্যশিবিরের আয়োজন সম্পর্কে আমাকে কেউ কিছু জানায়নি। বিনা মূল্যে সেবা দেওয়ার প্রচারণা চালিয়ে কেউ অর্থ আদায় করলে তা প্রতারণার শামিল। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে।’
এদিকে শাজাহানপুর থানার পুলিশ সূত্র জানায়, শনিবার উপজেলার টেংরামাগুর এলাকার একটি ওষুধের দোকানে বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়। এর আগে দুই দিন এলাকায় মাইকযোগে চক্ষুশিবিরের প্রচারণা চালানো হয়। নির্ধারিত দিনে ওই স্থানে আয়োজিত চক্ষুশিবিরে চিকিৎসা দিতে আসেন মিজানুর রহমান ও নুরুল ইসলাম। তাঁরা নিজেদের চক্ষুবিশেষজ্ঞ বলে পরিচয় দেন। চিকিৎসাসেবা প্রদানকালে তাঁরা রোগী দেখা বাবদ জনপ্রতি ৫০ টাকা এবং ছানির অস্ত্রোপচার বাবদ দেড় হাজার টাকা করে আদায় করেন। টাকার অঙ্ক ও চিকিৎসার ধরন দেখে রোগীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন, ওই দুজন আসলে চিকিৎসক নন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে এবং ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
গতকাল রোববার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত খান তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পৃথক মেয়াদে তাঁদের কারাদণ্ড দিয়েছেন। মিজানুর রহমানকে এক বছর এবং নুরুল ইসলামকে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, সাজাপ্রাপ্ত দুজনকেই গতকাল কারাগারে পাঠানো হয়েছে।