বিনা মূল্যের পাঠ্যবই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নান্দুড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে বিনা মূল্যের পাঠ্যবই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
ওই মাদ্রাসার শিক্ষার্থীদের পাঁচ-ছয়জন অভিভাবক জানিয়েছেন, শিক্ষকেরা নতুন বই দেওয়ার অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করছেন। বিনা মূল্যের পাঠ্যবই পেতে তাঁরা টাকা দিতে বাধ্য হয়েছেন। উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামের রিকশাচালক মুকুল মিয়া অভিযোগ করেন, দুই মেয়ের বই সংগ্রহ করতে শিক্ষকদের প্রতি সেট বইয়ের জন্য ৩০ টাকা করে দিতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির এক ছাত্র বলে, ‘এক সেট বই পেতে স্যারকে ৪০ টাকা দিয়েছি। আমার মতো সব ছাত্রকেই এভাবে টাকা দিয়ে বই নিতে হয়েছে।’ অভিভাবক দিদারুল হক বলেন, তাঁর সপ্তম ও নবম শ্রেণির দুই ছেলের বইয়ের জন্য শিক্ষকেরা ৭০ টাকা নিয়েছেন।
তবে এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মোত্তালেব দাবি করেন, ‘বই দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। বার্ষিক ফি বাবদ টাকা নেওয়া হয়েছে। আর বিষয়টি সবাইকে আগেই জানানো হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মণ্ডল জানান, এ ব্যাপারে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।