বিনা মূল্যের বই কেজি দরে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনা মূল্যের বই বাজারে কেজি দরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাওড়া উচ্চবিদ্যালয় থেকে এই বই বিক্রি করা হয়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ৯ জুলাই রাতে ভাওড়া উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী লুৎফর রহমান তাঁর এক সহযোগীকে নিয়ে ২০১৪ ও ২০১৫ সালের বিনা মূল্যের সরকারি বই একই এলাকার কাগজ ব্যবসায়ী আদম খানের কাছে কেজি দরে বিক্রি করেন। আদম পরদিন ভোরে বিভিন্ন শ্রেণির বই পিকআপ ভ্যানযোগে মির্জাপুর কলেজ-সংলগ্ন এলাকার পুরোনো কাগজ ব্যবসায়ী তফিজ উদ্দিনের দোকানে বিক্রি করেন। বই বিক্রির বিষয়টি এলাকাবাসী জেনে যায়। পরে বিষয়টি ভাওড়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান ইউএনও মাসুম আহাম্মেদকে জানান। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লাকে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দেন।
প্রধান শিক্ষক হাবিবুর রহমান দাবি করেন, বই নয়, বিদ্যালয়ের পুরোনো খাতা বিক্রি করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’