বিনা মূল্যের বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যের পাঠ্যবইয়ের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার সাত-আটজন অভিভাবক প্রথম আলোকে বলেন, উপজেলার অভিরামপুর উচ্চবিদ্যালয়, হরিপুর চলনাকাঁথী ফাজিল মাদ্রাসা ও চকপাড়া আলিম মাদ্রাসায় বিনা মূল্যের পাঠ্যবই পেতে শিক্ষার্থীদের টাকা গুনতে হয়েছে। প্রতি সেট বইয়ের জন্য শিক্ষকেরা ২০০ টাকা পর্যন্ত নিয়েছেন।
উপজেলার আমজানি গ্রামের কৃষিশ্রমিক হামিদ আলীর ছেলে আবু হোসেন অভিরামপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। হামিদ প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে নতুন বই আনতে গেলে শিক্ষকেরা ২০০ টাকা দাবি করেন। পরে অনেক কষ্টে তিনি সে টাকা জোগাড় করে ছেলেকে দেন। ছেলে বই নিয়ে বাড়ি ফেরে। তবে এ অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র বলেন, পাঠ্যবইয়ের জন্য টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। বার্ষিক ফি বাবদ টাকা নেওয়া হয়ে থাকতে পারে।
উপজেলার আমজানি গ্রামের আবু সুফিয়ান বলেন, তাঁর ছেলে ইশতিয়াক হোসেন চকপাড়া আলিম মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। নতুন বই পেতে তাঁকে ৩০ টাকা দিতে হয়েছে। তবে ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আকতার বলেন, টাকা নেওয়া হচ্ছে ভর্তি ফি হিসেবে।
উপজেলার কাশিপুর গ্রামের মোমেলা বেগম বলেন, তাঁর ছেলে মিনহাজ উদ্দিন হরিপুর চলনাকাঁথী ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে উঠেছে। নতুন বই পেতে ৫০ টাকা দিতে হয়েছে। তবে মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক বলেন, ভর্তি ফি বাবদ টাকা নেওয়া হয়ে থাকতে পারে। বইয়ের জন্য টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার কাশিপুর গ্রামের এক অভিভাবক বলেন, ‘আমার ছেলের জন্য নতুন বই পেতে ৩০ টাকা দিতে হয়েছে। পরে আমি খোঁজ নিয়ে জেনেছি, বই উপজেলা সদর থেকে নিয়ে আসাসহ বিভিন্ন খরচের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এ টাকা তুলেছেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মণ্ডল বলেন, ‘পাঠ্যবই নেওয়ার জন্য টাকা নেওয়া তো দূরের কথা, বই বিতরণের সময় অন্য কোনো খাতে টাকা না নিতেও চিঠি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সতর্ক করা হয়। আমি ইতিমধ্যে অভিযোগ পেয়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’