বিনা মূল্যের বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যের বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয়টিতে গত রোববার পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষার্থীদের বিনা মূল্যের বই বিতরণ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করেন, প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা নিয়ে বই দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। টাকা না দিলে বই দেওয়া হচ্ছে না। তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরাকে জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাবদ ৫০ টাকা ও অস্থায়ী পদে কর্মরত শিক্ষকদের ভাতা দেওয়ার জন্য ৫০ টাকা নিয়েছি। এই টাকা আগেই আদায় করা হয়েছে। বই বিতরণের দিন কারও কাছ থেকে টাকা নেওয়া হয়নি।’

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধির কুমার ঘোষ বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন বার্ষিক ক্রীড়া ও খণ্ডকালীন শিক্ষকদের বেতন বাবদ ১০০ টাকা হারে নেওয়া হয়েছে। ইউএনও বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।’

ইউএনও বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের বিনা মূল্যের বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি। ঘটনা সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে।’