বিনা মূল্যের ব্যাকরণ বই পড়ানো বন্ধ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সরকার থেকে দেওয়া বিনা মূল্যের ব্যাকরণ ও গ্রামার বই পড়ানো হচ্ছে না। বরং অনুদান নিয়ে শিক্ষক সমিতির পছন্দের বই পড়ানো হচ্ছে।
সোনাখাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের অভিভাবক আবদুস সালাম বলেন, সরকার বিনা মূল্যে বই দেওয়ার পরও শিক্ষকেরা ব্যাকরণ ও গ্রামার বই কিনতে বলেছেন। প্রায় ৮০০ টাকা দিয়ে এ দুটি বই কিনতে হয়েছে বলে তিনি জানান। রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকার অভিভাবক হাতেম আলী বলেন, শিক্ষকেরা যে ব্যাকরণ বই কিনতে বলেছেন, তা ভালো মানের নয়। এ কারণে তিনি দোকানে গিয়ে নির্ধারিত বই বাদ দিয়ে মেয়েকে অন্য বই কিনে দিয়েছেন।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন গতকাল শনিবার বলেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এসব বই পাঠ্য করা হয়েছে। তবে এসব বই কেনার বাধ্যবাধকতা নেই বলে তিনি জানান। সমিতির নামে অনুদান নেওয়ার কথাও অস্বীকার করেন তিনি।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ বইবাণিজ্যের এ ধারা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ৪৪টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ৫ হাজার ৮৩৯ জন, সপ্তম শ্রেণিতে ৫ হাজার ৪৬৬, অষ্টম শ্রেণিতে ৪ হাজার ৬৭৬ ও নবম শ্রেণিতে ৩ হাজার ৬২৩ জন শিক্ষার্থী রয়েছে। এদের হাতে বছরের শুরুতেই সব বিষয়ের পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত বইয়ের বাইরে কোনো বই পড়ানো বেআইনি। বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার পরও কেউ ব্যক্তিগতভাবে বা সমিতির নামে লাভবান হওয়ার চেষ্টা করছে। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তর্ভুক্ত ৩৮টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। ঢাকার বাংলাবাজার এলাকার মাদার্স পাবলিকেশনস, আদিল ব্রাদার্স, গ্লোরী পাবলিকেশনস, লার্নার্স পাবলিকেশনস, বই সম্ভার ও বগুড়ার জিনিয়াস পাবলিকেশনসের বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামার বই পাঠ্য করা হয়েছে। এসব বইয়ের দাম শ্রেণিভেদে ৬০০ থেকে এক হাজার টাকা বলে জানা যায়। ষষ্ঠ শ্রেণিতে বাংলা দ্বিতীয় পত্রে সারাংশ ১, ৩, ৮, ১২, ১৯, ১৬ নম্বর পাঠ্য করা হয়েছে। ওই শ্রেণির ইংরেজি দ্বিতীয় পত্রে আনসিন প্যাসেজ ২ মডেল প্রশ্ন পৃষ্ঠা নম্বর ৪৬৭-৫১২ পর্যন্ত বলা হয়েছে। কিন্তু বিনা মূল্যের ব্যাকরণ বা ইংরেজি গ্রামার বইয়ের সঙ্গে এ হিসাব মেলে না। তবে সমিতি নির্ধারিত প্রকাশনীর বইয়ের সঙ্গে মিলে যায়। একই অবস্থা দেখা যায় অন্যান্য শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্রের পাঠ পরিকল্পনায়। ফলে শিক্ষার্থীরা এ বই কিনতে অস্থির হয়ে পড়ে। এ ছাড়া শ্রেণিকক্ষে শিক্ষকেরাও সমিতির বই কিনতে উৎসাহিত করেন বলে জানায় উপজেলার পাঁচটি বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী।
উপজেলার পাঁচটি বিদ্যালয়ের ১০ জন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছরে চান্দাইকোনা বাজারের মিলন লাইব্রেরিকে অষ্টম ও ষষ্ঠ শ্রেণির ইংরেজি গ্রামার বই, পাঙ্গাসী বাজারের তানজিম লাইব্রেরিকে ষষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ, রায়গঞ্জ বাজারের পাপিয়া লাইব্রেরিকে সপ্তম শ্রেণির ইংরেজি গ্রামার, ভুঁইয়াগাতী বাজারের খান লাইব্রেরিকে সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ, নিমগাছি বাজারের রুম্পা লাইব্রেরিকে অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ, সাহেবগঞ্জ বাজারের কনফিডেন্স লাইব্রেরিকে নবম শ্রেণির ইংরেজি গ্রামার, চান্দাইকোনা বাজারের গৌরী লাইব্রেরিকে নবম শ্রেণির বাংলা ব্যাকরণ বিক্রির জন্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য এসব লাইব্রেরির মালিকের মাধ্যমে বই প্রকাশনীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা অনুদান নিয়েছে উপজেলা শিক্ষক সমিতি।