বিনা লাইসেন্সে ওষুধ বিক্রি, নয়টি দোকানমালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা লাইসেন্সে ওষুধ বিক্রির দায়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে নয় দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গৃহবধূকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ ওই আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ইউএনওর নেতেৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ড্রাগ লাইসেন্স ছাড়া ও নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রির অপরাধে পাড়কোলা বাজারের ওষুধের দোকানের মালিক মোস্তফা আকন্দকে তিন হাজার, আফজাল হোসেনকে এক হাজার, নাসিম উদ্দিনকে দুই হাজার, সুকুমার চন্দ্র শীলকে এক হাজার টাকা এবং বাঘাবাড়ি বন্দর এলাকার ওষুধ ব্যবসায়ী মিলন জোয়ার্দারকে তিন হাজার, জাহিদুল ইসলামকে এক হাজার, হাফিজুর রহমানকে দুই হাজার, আবদুল্লাহকে এক হাজার ও রিয়াজ উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করে সঙ্গে সঙ্গে তা আদায় করা হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ওই সব দোকানদারকে বিনা লাইসেন্সে ওষুধ বিক্রি না করার জন্য সতর্ক করে দেন। এ সময় সিরাজগঞ্জ জেলার ড্রাগ সুপার মো. আহসান হাবিব ও থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল এক গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় গ্রামের হোসেন আলীর ছেলে মো. ইব্রাহীম হোসেনকে (২২) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ওই আদালত।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, গতকালই ইব্রাহীমকে কারাগারে পাঠানো হয়েছে।