বিনোদন কেন্দ্রে বখাটে তরুণদের উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের চিড়িয়াখানা ও সুরভি উদ্যান বিনোদন কেন্দ্রে বখাটেদের উৎপাত বেড়েই চলেছে। এতে দর্শনার্থীরা প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছেন।
বিনোদন কেন্দ্র ঘুরে জানা যায়, একশ্রেণির তরুণ এসব বিনোদন কেন্দ্রে দিনভর ঘোরাফেরা করে। তারা কখনো দল বেঁধে, আবার কখনো দু-তিনজন বসে আড্ডা দেয়। তবে কোনো স্থানেই তাদের বেশিক্ষণ ঘুরতে দেখা যায় না। তারা সুযোগ বুঝে কৌশলে ভয়ভীতি দেখিয়ে থাকে দর্শনার্থীদের। কেউ কেউ অভিযোগ করছেন, এদের হাতে দর্শনার্থীদের অনেকে প্রতারণার শিকার হয়েছেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, পাশের হনুমানতলা বস্তি থেকে উচ্ছৃঙ্খল তরুণেরা চিড়িয়াখানার প্রাচীর টপকে এসে দর্শনার্থীদের উত্ত্যক্ত করে। সুযোগ বুঝে আবার প্রাচীর টপকে সটকে পড়ে। প্রতিদিনই এমন ঘটনা ঘটছে।
চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া নগরের ধাপ এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন গৃহিণী বলেন, কতিপয় উচ্ছৃঙ্খল তরুণ মেয়েদের পাশ দিয়ে যেতে যেতে কুরুচিপূর্ণ কথা বলে। চিড়িয়াখানায় এমন অভিযোগ আরও অনেকের কাছে শোনা গেছে।
চিড়িয়াখানার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাশের বস্তি থেকে বেশ কিছু উচ্ছৃঙ্খল তরুণ এসব ঘটনা ঘটিয়ে প্রাচীর টপকে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। চিড়িয়াখানার নিরাপত্তার জন্য চারদিকে প্রাচীর থাকলেও তা কাজে আসে না। আর আমাদের কোনো নিরাপত্তা কর্মীও নেই যে সব সময় পাহারায় থাকবে।’
শিক্ষা ভবনের সামনে প্রধান সড়কসংলগ্ন পুলিশ লাইনের পাশে সুরভি উদ্যানেও একশ্রেণির বখাটে সুযোগ বুঝে মেয়েদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ রয়েছে। এই উদ্যানে কিছু ভাসমান যৌনকর্মীও ঘোরাফেরা করে বলে অভিযোগ উঠেছে। পুলিশ মাঝেমধ্যে অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তারও করে।
নগরের হনুমানতলা থেকে সন্তানকে নিয়ে সুরভি উদ্যানে ঘুরতে আসা ব্যবসায়ী ওয়ালিউল হক বলেন, ‘একটু যে আরামে কোথাও ঘুরে বেড়াবেন, তারও কোনো উপায় নেই। যতই দিন যাচ্ছে, ততই যেন বখাটেদের উৎপাত বাড়ছে। ঝামেলা এড়াতে এসব উত্ত্যক্তকারীর বিরুদ্ধে কেউ কিছু বলতেও চান না।’
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, বিনোদন কেন্দ্রগুলোর ওপর পুলিশের নজরদারি রয়েছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।