বিপথগামী তরুণদের ঘরে ফেরার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপথগামী তরুণদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘যারা ভুল পথে গেছে, জঙ্গি পথে গেছে, তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহযোগিতা করবে। কোনো ডিস্টার্ব করবে না।’ তবে যারা এরই মধ্যে কোনো হামলায় জড়িয়েছে, তাদের ব্যাপার আলাদা বলে তিনি মন্তব্য করেন।

পুলিশ সদর দপ্তরে গতকাল বুধবার গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস্যের স্বজনদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে আইজি এই আহ্বান জানান।

গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় ১ জুলাই জঙ্গি হামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল করিম, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান এবং ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় নিহত হন কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম। তাঁদের স্বজনদের হাতে পুলিশের পক্ষ থেকে ৭০ লাখ টাকার অনুদান হস্তান্তর করেন আইজি।

অনুষ্ঠানে রবিউল করিমের ভাই শামসুজ্জামান পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এই পোশাক আমার খুব পরিচিত। এই পোশাক আমার ভাই পরত। আপনাদের মাঝে আমি আমার ভাইকে খুঁজে পাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, জঙ্গিবাদের মূল উৎপাটন করুন। এই ঘটনার কোনো পুনরাবৃত্তি যেন না হয়।’

নিহত দুই পুলিশ কনস্টেবল সম্পর্কে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘সেদিন যদি পুলিশ সদস্যরা ঠিকমতো দায়িত্ব পালন না করতেন, তাহলে হাজার হাজার মানুষ গ্রেনেড হামলায় বা পদপিষ্ট হয়ে নিহত হতেন। যাঁরা রক্ত দিয়ে এত মানুষকে বাঁচিয়েছেন, তাঁদের ঋণ শোধ করা না গেলে হয়তো বাংলাদেশের পতাকাই ভূলুণ্ঠিত হবে।’

গতকাল রবিউল করিমের মা করিমন নেছাকে ৫ লাখ টাকা এবং তাঁর স্ত্রী উম্মে সালমাকে ১৫ লাখ টাকা, মো. সালাহউদ্দিন খানের স্ত্রী রেমকিমকে ২০ লাখ টাকা, কনস্টেবল মো. আনছারুল হকেরস্ত্রী নুরুন্নাহার বেগমকে সাড়ে ৭ লাখ টাকা এবং তাঁর মা রাবেয়া আক্তারকে সাড়ে ৭ লাখ টাকা এবং কনস্টেবল মো. জহিরুল ইসলামের মা জুবেদা খাতুনকে ১৫ লাখ টাকা দেওয়া হয়।

এর বাইরে মধুমতি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে নিহত চার পুলিশ সদস্যের পরিবারদের পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।