চিকিৎসকের বাসা থেকে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

অস্ত্র ও গুলি রাখার দায়ে এক চিকিৎসক ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ১৫টি আগ্নেয়াস্ত্র এবং ১৬২২টি গুলি উদ্ধার করেছে।
এই চিকিৎসক হলেন জাহিদুল আলম কাদির ও তাঁর স্ত্রী মাসুমা আক্তার। পুলিশ বলছে জাহিদুল আলমের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী এবং পেশাদার খুনিদের সখ্যতা ছিল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান ।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৫ মে রাজধানীর যাত্রাবাড়ী থেকে জাহিদুল আলমকে দুটি পিস্তল এবং ৮টি গুলিসহ গ্রেপ্তার করা হয়। এরপর অস্ত্র আইনে করা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ জুন গাবতলী এলাকা থেকে তাঁর স্ত্রী মাসুমা আক্তারকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। মাসুমা জিজ্ঞাসাবাদে জানায় তাঁর স্বামীর কাছে আরও অবৈধ বিদেশি অস্ত্র আছে। এরপর জাহিদুলকে আবারও রিমান্ডে নেওয়া হয়। তাঁর কাছে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ময়মনসিংহ জেলার বাঘমারা এলাকায় তাঁর ফ্ল্যাট থেকে ১২টি আগ্নেয়াস্ত্র ও ১৬১০টি গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বাসায় বিশেষভাবে তৈরিকৃত একটি স্টিল কেবিনেটের পেছনে লুকানো ছিল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে .২২ বোরের রাইফেল ৩টি, .৩০৩ রাইফেল-১টি, .৩২ বোর রিভলবার ৪টি, .২২ রিভলবার ১টি, ৭.৬৫ পিস্তল ৫টি ও .২৫ পিস্তল ১টি। উদ্ধারকৃত গুলির মধ্যে .৩০৩ রাইফেলের ১১০টি, .২২ রাইফেলের ১১০০টি, .৩২ রিভলবারের ৩৫৮টি ও .২৫ পিস্তলের ৫৪টি।
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম আরও বলেন, জাহিদুল আলম ২০০২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তবে তিনি সরকারি বা স্থায়ী কোনো চাকরি করতেন না। তিনি গ্রামের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চাকরি করতেন। মূলত তিনি চিকিৎসা পেশার অন্তরালে বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে লাইসেন্সবিহীন বিদেশি অস্ত্র সংগ্রহ করে বেশি দামে বিক্রি করতেন। একই সঙ্গে তিনি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি ও মেরামতে বিশেষভাবে পারদর্শী। জাহিদুল আলমের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী এবং পেশাদার খুনিদের সখ্যতা ছিল।