বিপুল পরিমাণ সিগারেটসহ চার যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। এসব সিগারেট পাচারের অভিযোগে মালয়েশিয়া থেকে আসা চার যাত্রীকে ১ লাখ ৬ হাজার সিগারেটসহ আটক করেছেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, আটক চার যাত্রী হলেন আবু বকর, সোহেল পাটোয়ারি, ফয়েজ আহমেদ ও শাহ আলম। তাঁরা আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। দেশে আসার পর সিগারেটের চালানটি বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন। এ সময় শুল্ক কর্মকর্তারা এই চারজনকে আটক করেন। জব্দ হওয়া সিগারেটের মধ্যে রয়েছে বেনসন, মারলবরোসহ বেশ কয়েকটি ব্র্যান্ড।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া চারজন জানান, মালয়েশিয়ায় তাঁরা শ্রমিক হিসেবে চাকরি করতেন। কিন্তু চাকরির চেয়ে পণ্য পাচারে লাভ বেশি। এ জন্য তাঁরা চাকরি ছেড়ে চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন। তাঁরা প্রায়ই বাংলাদেশ থেকে বিদেশে যাতায়াত করতেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।