ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে নবীনগর পূর্ব ইউনিয়নের মতি মিয়া মেম্বার ও বড় বাড়ির ওবায়দুল মিয়া মেম্বারের পক্ষের লোকজনকে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া
হয়েছে। গতকাল মঙ্গলবার নবীনগর থানা এলাকায় আয়োজিত এক বৈঠকে স্থানীয় প্রশাসন এ নির্দেশ দেয়।
নবীনগর থানা সূত্রে জানা গেছে, ইউনিয়নে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গতকাল দুপুরে নবীনগর থানায় চার চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের সমর্থকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল ইসলাম ও নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন। সেখানে আলোচনা সাপেক্ষে নবীনগর পূর্ব ইউনিয়নের মহল্লা গ্রামের মতি মিয়া ও ওবায়দুল মিয়ার পক্ষের লোকজনকে দেশীয় অস্ত্র জমা দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়।
জানা গেছে, মাস তিনেক আগে ইউনিয়নের মহল্লা গ্রামে মতি মিয়া মেম্বার ও বড় বাড়ির ওবায়দুল মিয়া মেম্বারের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মতি মিয়ার পক্ষের কবির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ওবায়দুল মিয়াসহ তাঁর পক্ষের প্রায় ৬৪ জনকে আসামি করে একটি মামলা হয়। কয়েক দিন আগে ৬৪ জনের মধ্যে ৫২ জন আদালত থেকে জামিন পান। আওয়ামী লীগের প্রার্থী শামীম রেজার নেতৃত্বে গত সোমবার বিকেলে ওবায়দুল মিয়ার পক্ষের লোকজন গ্রামের যেতে চাইলে মতি মিয়ার পক্ষের লোকজন এতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শামীম রেজা বলেন, ‘আমি তাঁদের নেতৃত্ব দিচ্ছি না। তা ছাড়া জামিন পেয়ে ভোটাররা গ্রামে তো যেতেই পারেন। তবে তাঁদের গ্রামে যেতে না দেওয়াটা ঠিক হচ্ছে না।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, মাস তিনেক আগে দুই পক্ষের সংঘর্ষে একজন লোক নিহত হন। পরবর্তী সংঘর্ষ এড়াতে দুই পক্ষের লোকজনকে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, রামদা, দা, বল্লম, এককাইট্টা ইত্যাদি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মহল্লা-গ্রামে দু-একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে।