বিবাহিত জীবনের ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়া তরুণ গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে সাবেক স্ত্রীকে হেনস্তার উদ্দেশ্যে বিবাহিত জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়া তরুণ বাদশা মিয়াকে (২৭) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার শেরুয়া বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই নারীর মা বলেন, এ ধরনের ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ায় লোকলজ্জায় তাঁর মেয়ে বাড়ি থেকে বের হয় না। ভুক্তভোগী নারীর এই পরিস্থিতি নিয়ে গত ২৮ এপ্রিল প্রথম আলোয় ‘লোকলজ্জায় বন্দিজীবন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, ওই নারীর অভিযোগটি গতকাল বৃহস্পতিবার সকালে এজাহার হিসেবে রেকর্ড করা হয়। মামলায় বাদশা মিয়া এজাহারভুক্ত একমাত্র আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বাদশা স্ত্রী থাকাকালে গোপনে নিজের মুঠোফোনে গোপনে ওই নারীর সঙ্গে একান্ত মুহূর্তের এ ভিডিও চিত্র ধারণ করেন বলে স্বীকার করেছেন। বিচ্ছেদের পর ক্ষোভে প্রায় দুই মাস আগে ভিডিও চিত্রটি মুঠোফোনে ছড়িয়ে দেন তিনি।