বিবৃতি দেওয়ার দুই ঘণ্টার মাথায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশির নামে পুলিশি হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়ে একটি বিবৃতি সংবাদমাধ্যমে পাঠানোর দুই ঘণ্টার মাথায় গ্রেপ্তার হয়েছেন সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব বদরুজ্জামান সেলিম। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলেট কোতোয়ালি থানার পুলিশ নগরের তোপখানা রোডের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

বিএনপির নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পর বদরুজ্জামান সেলিম বিএনপির চলমান আন্দোলন পরিচালনা করছিলেন। শাহরিয়ারের মুক্তির দাবিতে ৩১ ডিসেম্বর হরতাল ও পরে আরও এক দিন নগর বিএনপির ডাকে হরতাল পালন করা হয়। নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশির নামে পুলিশি হয়রানি বন্ধ করার দাবিতে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বদরুজ্জামান সেলিম সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন। বিবৃতিতে তিনি ‘জালেম’ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন। 

তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির নেতা সেলিমকে গাড়ি পোড়ানো ও ভাঙচুর মামলার পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।