বিভিন্ন অভিযোগে তিন জেলায় গ্রেপ্তার ৬
খুলনার কয়রা থেকে চারজন, জয়পুরহাটের কালাই থেকে একজন, মাগুরার শালিখা উপজেলা থেকে একজনসহ মোট ছয়জনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যা ব। খুলনা, জয়পুরহাট ও মাগুরা থেকে প্রতিনিধিরা এসব খবর পাঠিয়েছেন।
খুলনা: কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী গ্রামের ইদ্রিস আলীর বাড়ি থেকে গত মঙ্গলবার দুপুরে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের আনছার আলী শেখের ছেলে আলমগীর হোসেন ওরফে জুবায়ের (২৮), খুলনার ডুমুরিয়া উপজেলার মিকসিমিল গ্রামের আবদুর রাজ্জাক গাজীর ছেলে মো. রাজীব গাজী ওরফে রাকীব (২৩), পাইকগাছা উপজেলার খাটুয়ামারী গ্রামের মাহফুজ হকের ছেলে মো. ফয়সাল ওরফে আল-আমীন (২৪) এবং একই এলাকার রহমত সরদারের ছেলে মো. তানভীর সরদার (১৮)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে তাঁরা ওই বাড়িতে জড়ো হয়েছিলেন। তাঁদের কাছ থেকে একটি দেশি শাটারগান, বন্দুকের তিনটি গুলি, গুলির একটি খোসা, তিনটি জিহাদি বই, পাঁচটি বোমাসদৃশ বস্তু এবং তাদের ব্যবহৃত চারটি মুঠোফোন উদ্ধারেরও দাবি করেছে পুলিশ।
এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র, তথ্যপ্রযুক্তি ও সন্ত্রাস দমন আইনে তিনটি মামলা করা হয়েছে। তাঁদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
জয়পুরহাট: কালাই উপজেলা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুশফিকুর রহমানকে (২২) উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে র্যা ব।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, র্যা ব বাদী হয়ে মুশফিকুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে কালাই থানায় হস্তান্তর করলে গতকাল বুধবার আদালত তাঁকে জয়পুরহাট কারাগারে পাঠান।
মাগুরা: শালিখা উপজেলার শতখালী বাজার থেকে গতকাল সকালে আবদুন নূর (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী। বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন গ্রামে। বাবার নাম মো. আবদুর রশীদ।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্দেহজনক ঘোরাফেরা এবং এলাকায় অপরিচিত মুখ হওয়ায় স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। সকাল সাড়ে সাতটার দিকে আবদুন নূরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবদুন নূরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।