জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় এবং কলা ও মানবিকী অনুষদের বিভিন্ন কক্ষের ২৯টি তালায় আঠা দিয়ে অকেজো করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তালা খুলতে গেলে আঠা লাগানো অবস্থা দেখতে পান কর্মচারীরা।
কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান ফটকের দুটি এবং কলা ও মানবিকী অনুষদের শ্রেণিকক্ষসহ ২৭টি কক্ষের তালার ভেতর আঠা দেওয়া অবস্থায় পাওয়া যায়। সকালে কর্মচারীরা তালাগুলো খোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাঁরা নিরাপত্তাকর্মীদের খবর দেন। নিরাপত্তাকর্মীরাও খুলতে না পেরে সব তালা ভেঙে ফেলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি ওবায়দুল্লাহ শুভ বলেন, ‘আমরা ধর্মঘট ডেকেছি। আমাদের সমর্থনে সাধারণ ছাত্ররাই তালায় আঠা লাগিয়ে দিয়েছে।’
সহউপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, ‘কে বা কারা এ কাজ করেছে, আমরা এখনো জানতে পারিনি। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি।’