বিভিন্ন খাত দেখিয়ে দুই তিন গুণ টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির ফরম পূরণে বরিশাল শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি নেওয়ার আদেশ মানছে না বরগুনার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বিদ্যালয়গুলো বিভিন্ন খাত দেখিয়ে শিক্ষা বোর্ডের বেঁধে দেওয়া অর্থের দুই-তিন গুণ বেশি ফি আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানায়, বোর্ডের এক প্রজ্ঞাপনে এসএসসির ফরম পূরণে নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা ফি (প্রতি বিষয়ে) ৬৫ টাকা, ব্যবহারিক ফি (প্রতি বিষয়) ৩০, একাডেমিক ট্রান্সক্রিপ্ট-টেব্যুলেশন ফি ৩৫, সনদ ফি ১০০, স্কাউট-গার্ল গাইডস ফি ১৫, জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫, কেন্দ্র ফি (ব্যবহারিক) ৩০০ ও (ব্যবহারিক নেই) ২৫০ টাকাসহ সাকল্যে এক হাজার ২৬০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, শিক্ষা বোর্ডের এ আদেশ উপেক্ষা করে বরগুনা সদর, আমতলী, তালতলী, বেতাগী ও বামনা উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে দুই-তিন গুণ বেশি টাকা আদায় করা হচ্ছে।

আমতলীর গাজীপুর বন্দর, শহীদ সোহরাওয়ার্দী, তারিকাটা, চিলা এসবি, গুলিশাখালী, গোজখালী, সোনাখালী ও রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়; তালতলী উপজেলার ছোটবগী পিকে, বগীর হাট, কমডেকা বালিকা, তালতলী বন্দর, আলীর বন্দর ও লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় সেশন ফি ও বকেয়া বেতন দেখিয়ে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।

এ প্রসঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হায়দার বলেন, ‘নিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছি। দরিদ্র ১১ জন পরীক্ষার্থীকে বিনা টাকায় ফরম পূরণ করানোর জন্য এই অতিরিক্ত অর্থ নিয়েছি।’

আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম আকতার জানায়, ফরম পূরণে তাদের কাছ থেকে দুই হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মফিজ উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, ‘বোর্ড-নির্ধারিত ফি যা, তা-ই আদায় করা হয়েছে।’

বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আমিনূর রহমান বলেন, ‘আমরা ফরম পূরণে দেড় হাজার এবং অতিরিক্ত ক্লাস ও তিন মাসের বেতন বাবদ এক হাজার টাকাসহ মোট আড়াই হাজার টাকা নিয়েছি।’

বেতাগী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা জানায়, এই বিদ্যালয়ে ৩৭ জন শিক্ষার্থীর কাছ থেকে নানা খাতের দুই হাজার ৮৬০ থেকে শুরু করে দুই হাজার ৯৫০ টাকা পর্যন্ত ফি আদায় করা হচ্ছে। এ ছাড়া ফরম পূরণের পর কোচিং বা অতিরিক্ত পাঠদানের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হলেও কিন্তু তা করানো হয় না।

এ ব্যাপারে বেতাগী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রফিকুল আমিন বলেন, ‘বেসরকারি বিদ্যালয় পরিচালনার জন্য সরকারি কোনো বরাদ্দ দেওয়া হয় না। আসবাব, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খরচ করতে হয় বিদ্যালয়ের তহবিল থেকে। এ কারণেই পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত কিছু টাকা নেওয়া হচ্ছে।’

বরিশাল শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত অনুসারে বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত টাকা আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’