বিভিন্ন জেলায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ
৫ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি আজ সোমবার। ক্ষমতাসীন আওয়ামী লীগ দিবসটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করছে। অন্যদিকে এ দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে বিএনপি। এ উপলক্ষে বিএনপি সারা দেশে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল পালন করছে। ঢাকায়ও সমাবেশ করার কথা তাদের। যদিও সমাবেশের অনুমতি মেলেনি। তার ওপর রাজধানীতে গতকাল রোববার সন্ধ্যা থেকে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ। নিজেদের কর্মসূচি পালন করতে গিয়ে কয়েকটি জেলায় দুই দলের মধ্যে ঘটেছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকে ছুড়তে হয়েছে ছররা গুলি।
আমাদের প্রতিনিধি ও কার্যালয় থেকে পাঠানো খবর...
সুনামগঞ্জ: বিএনপি নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের নেতা-কর্মীরা দুপুর ১২টার দিকে শহরের পুরাতন কোর্ট প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন। একই সময় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় আরেকটি মিছিল বের করেন আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী। দুটি মিছিল থানার সামনের সড়কে মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশ দুই পক্ষকে শান্ত করা চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশের সামনেই দুই পক্ষ পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। দুই পক্ষের মধ্যে তিন দফা সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন মোল্লা জানান, সংঘর্ষ চলকালে তাঁর পায়ে একটি ঢিলের আঘাত লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এখন পরিস্থিতি শান্ত।
নারায়ণগঞ্জ: সকাল সাড়ে ১০টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় সাবেক সাংসদ আবুল কালামের নেতৃত্বে কালো পতাকা মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের একটি টেম্পোতে আগুন দেন। সংঘর্ষে বেসরকাররি একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যান জামিল হোসেন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন। জামিলকে নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে বেলা ১১টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। সেখানে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সেখানে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা গেছে। সকাল থেকে শহরের চাষাঢ়া গোল চত্বর এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে সমাবেশ করতে থাকেন।
পাবনা : বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা দলীয় অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। অন্যদিকে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন একটি মিছিল বের করে। প্রেসক্লাব মোড়ে দুটি মিছিল মুখোমুখি হলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি চলন্ত যানবাহনে ভাঙচুর চালান তাঁরা। পরে পুলিশ এসে লঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় শর্টগানের ১২টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর: বেলা সাড়ে ১১টায় ফরিদগঞ্জ উপজেলায় টিঅ্যান্ডটি এলাকায় বিএনপির কর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। একই সময় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে আওয়ামী লীগের কর্মীরা মিছিল বের করেন। মিছিল দুটি মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে লাঠিপেটা ও শর্টগানের গুলি ছোড়ে। দুজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ সরকার বলেন, সংঘর্ষে বিএনপির কর্মীদের ছোড়া ইটের আঘাতে তাঁদের পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির পাটোয়ারী বলেন, সংঘর্ষে ১০-১৫ জন আহত হয়েছেন। আর পুলিশের ছোড়া গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. বেলায়েত হোসেন জানান, ছররা গুলিতে আহত মানিক (২৬) ও আবদুল কাদের (১২) নামের এক শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: শহরের কান্দিপাড়া, কালীবাড়ি মোড় ও পাওয়ার হাউস রোডে সকাল থেকে স্থানীয় বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ রাবার বুলেট ও কাঁদনে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে কয়েকজন সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছেন।
সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সংঘর্ষের ঘটনায় বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বগুড়া: সাতমাথা এলাকায় দুপুর ১২টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় বগুড়া-২ আসনের বিএনপির সাবেক সাংসদ এ কে এম হাফিজুর রহমানের মাথা ফেটে গেছে। আহত অন্যজন হলেন বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান। বিএনপিপন্থী এ আইনজীবীরা আদালত চত্বরে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। ঘটনার প্রতিবাদে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সিরাজগঞ্জ: পৌর এলাকার ইবি রোডে বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা সাড়ে ১১টার দিকে কালো পতাকা মিছিল ও সমাবেশ করার জন্য সিরাজগঞ্জ শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় কয়েক যুবক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে প্রায় দেড় ঘণ্টা উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি দাবি করে, সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ও সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শতাধিক শেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।