কক্সবাজারের মহেশখালী থেকে ডাকাতি, অপহরণ, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে কালারমারছড়া, বড় মহেশখালী, মাতারবাড়ি ও হোয়ানক ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি মামলার আসামি মাহফুজুর রহমানের কাছ থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মাহফুজকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পৃথক অভিযান চালিয়ে আধারঘোনা এলাকা থেকে পলাতক আসামি আবু তাহের ও মোহাম্মদ রিদুয়ান এবং বড়ছড়া থেকে মোহাম্মদ বাবুলকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, গ্রেপ্তার ১৫ জনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, অপহরণ, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা রয়েছে। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।