বিভিন্ন স্থানে অভিযানে 'জঙ্গি'সহ গ্রেপ্তার ৮৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গত মঙ্গলবার ও গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে জঙ্গি-সংশ্লিষ্টতা, নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগের মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর এবং বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৮৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে নিহত দিনাজপুরের আবদুল্লাহর সহযোগী আলমগীর হোসেনকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী: নগরের বোয়ালিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল নগরের মসজিদ মিশন একাডেমি স্কুলে গোপন বৈঠক করার সময় মহানগর জামায়াতের আমির মো. আবুল হাশেমসহ স্কুলটির আট শিক্ষককে আটক করেছে পুলিশ। এ সময় সেখানে কিছু নগদ টাকা পাওয়া যায়। টাকাগুলো কে পাঠিয়েছে, তা চিরকুটে লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আবুল হাশেমের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। ওসি শাহাদত হোসেন খান বলেন, আটক ব্যক্তিদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিরামপুর (দিনাজপুর): নবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের আবদুল্লাহর সহযোগী আলমগীর হোসেন মঙ্গলবার সকালে নাশকতার পরিকল্পনা করতে কয়েকজন জঙ্গির সঙ্গে নিজের বাড়িতে বৈঠক করছিলেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। পরে আলমগীরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘরের বারান্দায় রাখা লাকড়ির ভেতর থেকে ছয়টি ককটেল ও দুটি হাঁসুয়া উদ্ধার করে পুলিশ। নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, আলমগীরকে গ্রেপ্তারের পর তিনি পা দিয়ে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন। এ ঘটনায় থানার এসআই আহসানুর রহমান বাদী হয়ে আলমগীরসহ পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন। দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মামলাটি অধিকতর গুরুত্বপূর্ণ হওয়ায় তা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই বজলুর রশীদ বলেন, আলমগীরকে মঙ্গলবার বিকেলে দিনাজপুর আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আমলি আদালত-৬-এর মুখ্য বিচারিক হাকিম গোপাল চন্দ্র তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নড়াইল: সদর থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে জেলা কারাগার এলাকা থেকে বিএনপির যুগ্ম আহবায়ক ও নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর তেলায়েত হোসেন এবং সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের জামায়াত কর্মী আজিজুল ইসলাম ও মালিডাংগা গ্রামের মুস্তাইন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা তিনজনই গাড়ি পোড়ানো মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর গতকাল জামিনে মুক্তি পান। পুলিশ নাশকতার একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করে। এ ছাড়া মঙ্গলবার রাতে একটি কোচিং সেন্টার থেকে গোয়েন্দা পুলিশ মাকসুদুর রহমান, রেজানুল করিম, রোমান নামের তিনজনকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করে। তিনজনই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত।

সিলেট: আদালত-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে র‍্যাব-৯ জানায়, ২০১৪ সালে পুলিশের ওপর নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের হামলার ঘটনায় বিচারাধীন একটি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল গতকাল। সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে ওই মামলায় হাজিরা দিয়ে ফেরার সময় সংগঠনটির চারজন কর্মীকে জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় গোপন রাখা হয়েছে।

সাতক্ষীরা: জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৯ কর্মীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

নীলফামারী: জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ জানায়, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার অভিযোগপত্রভুক্ত ১৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

মৌলভীবাজার: সদর মডেল থানার ওসি অকিল উদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের সৈয়দ মুজতবা আলী সড়ক থেকে দেওয়ান জামাল আহমেদ নামে নাশকতার মামলার আসামি এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

দাউদকান্দি (কুমিল্লা): দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, গতকাল সকালে উপজেলার আমিরাবাদ গ্রাম থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ক্যাপ্টেন (অব.) শহীদ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোনা: খালিয়াজুরী থানার ওসি শওকত আলী বলেন, উপজেলা শাখার জামায়াত ইসলামীর আমির ইসমাইল হোসেনকে (৫০) নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল কৃষ্ণপুর গ্রামের মধ্যপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।