বিভিন্ন স্থানে গৃহবধূসহ তিন খুন, একটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে এক যুবক ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক গৃহবধূ গত সোমবার খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় একজন খুন হয়েছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার রশিদপুর গ্রামের রাসেল আহমেদ (৩২), মুক্তাগাছা উপজেলার আলী মুর্তজা (২৫) ও মতলব উত্তর উপজেলার একলাশপুর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী ফারজানা আক্তার (২০)। শ্রীমঙ্গলে উদ্ধার করা লাশটি উপজেলার গুহ রোড এলাকার মুজিবুর রহমানের ছেলে জুয়েল আহমেদের (২০)।

প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর :

সিলেট : সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, গতকাল সকাল নয়টার দিকে সিলেট নগরের বাগবাড়ি নরসিংটিলা এলাকায় নিজের ভাড়াবাড়ির সামনে রাসেলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিক আলামতে এটি হত্যাকাণ্ড বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গত শুক্রবার তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মণ্ডলপুর গ্রামের একটি মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় ওঠেন।

ময়মনসিংহ : পুলিশ জানায়, মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজারের তারা মিয়ার দোকানের কর্মচারী মুর্তজা দোকানে রাতে ঘুমাতেন। গতকাল সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তাঁরা মিয়া ও বাজারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে মুর্তজার রক্তাক্ত লাশ পাওয়া যায়। মুর্তজার মুখসহ শরীরের নানা জায়গায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া যায়।

মতলব দক্ষিণ (চাঁদপুর): পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে স্বামী সোহেল মিয়ার (২৫) সঙ্গে ঝগড়া করে ফারজানা বাবার বাড়িতে আসেন। গত সোমবার তাঁর স্বামী সেখানে আসেন। সেখানে একটি কক্ষে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তাঁর স্বামী উত্তেজিত হয়ে চলে যান। কিছুক্ষণ পর পরিবারের লোকেরা গেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ফারজানাকে ঝুলতে দেখে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফারজানার মা হাসনা বেগমের দাবি, মেয়েজামাই শ্বাসরোধ করে তাঁর মেয়েকে হত্যা করেছেন।

মৌলভীবাজার : পুলিশ জানায়, গতকাল সকালে শ্রীমঙ্গল শহরের সোনালি মার্কেটের তৃতীয় তলার বিটিএস কমিউনিকেশনস বিডি নামে একটি ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের শাটার কেটে জুয়েলের লাশ উদ্ধার করা হয়।