বিভিন্ন স্থানে দুই নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর ও ধুনট উপজেলা থেকে গতকাল রোববার দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন সিরাজগঞ্জ ও পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দুই নারী এবং নওগাঁর মান্দা উপজেলা থেকে আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের চেলো হিন্দুপাড়া এলাকা থেকে সাধন কুমার (৩৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ১০টার দিকে একটি গাছে সাধনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সাধন রংপুরের পীরগাছা উপজেলার সাবেকপাড়া গ্রামের চিনিবাসের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাধনের দুই শ্যালক হিন্দুপাড়ার বাসিন্দা সন্তোষ কুমার ও পরিতোষ কুমার এবং রনি (১৬) নামের আরেকজনকে আটক করেছে।
ধুনট (বগুড়া): উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের ভেতরভাটা থেকে এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে স্থানীয় বাসিন্দারা কচুরিপানার সঙ্গে লাশটি আটকে থাকতে দেখেন। তাঁরা চিকাশি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও পুলিশকে বিষয়টি জানান। জাকির হোসেন বলেন, তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ: পৌর এলাকার যমুনা নদী থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ পৌর এলাকার রাসেল পার্ক এলাকায় স্থানীয় লোকজন যমুনা নদীতে গোসল করতে নেমে লাশ দেখতে পায়। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
পঞ্চগড়: দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের খারিজা কাটনহারী গ্রামের পুকুর থেকে সাহেদা (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে এলাকাবাসী বাড়ির পাশের পুকুরে সাহেদার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তিনি একই এলাকার মকবুল হোসেনের স্ত্রী।
আদমদীঘি (বগুড়া): নওগাঁর মান্দা উপজেলায় সকালে আতিকুর রহমান (৩৫) নামের এক যুবকের লাশ পুকুরপাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্রাই উপজেলার কালুপাড়া গ্রামের আবুল হোসেন মিস্ত্রির ছেলে এবং মান্দার কালিকাপুর ইউনিয়নের ছোট মুল্লুক গ্রামে শ্বশুরবাড়ি থাকতেন। আবুল হোসেন মিস্ত্রি দাবি করেন, তাঁর ছেলের শরীরে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।