ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল সোমবার দেশের কমপক্ষে ছয়টি স্থানে গোলযোগের অভিযোগ পাওয়া গেছে। বরগুনা সদর, পিরোজপুরের ভান্ডারিয়া, ঝালকাঠির নলছিটি, সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন ফরম ছিনতাই করা হয়েছে। খুলনায় বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়েছে এবং মঠবাড়িয়ায় চেয়ারম্যান পদপ্রার্থীকে অপহরণের তিন ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর এবং নির্বাচন কমিশন সূত্রে পাওয়া অভিযোেগ এসব অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২২ মার্চ দেশের ৭৩৯টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। গতকাল এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আজিজ শরিফকে মারধর করে তাঁর মনোনয়নপত্র ছিনতাই করা হয়েছে। তিনি অভিযোগ করেন, গতকাল বিকেলে তিনি হেঁটে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। এ সময় বরগুনা-১ আসনের সাংসদের বাড়ির সামনে ১০-১২ জন যুবক তাঁর হাতে থাকা মনোনয়ন ফরম কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এ সময় যুবকেরা তাঁকে কিল-ঘুষি মারেন। তাঁর ভাইয়ের ছেলে সোহেল ও বেয়াই সালাম শরিফ তাঁকে রক্ষার জন্য এগিয়ে গেলে তাঁদেরও মারধর করেন যুবকেরা। পরে তঁারা মনোনয়ন ফরমটি ছিনিয়ে নিয়ে যান।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বা আমার কোনো কর্মী-সমর্থক এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাউসার ইকবাল মাহবুব অভিযোগ করেন, তিনি দুই সমর্থককে মনোনয়ন ফরম জমা দিতে পাঠান। ইউএনওর কার্যালয়ের মূল ফটকে দুজনকে আটকে মনোনয়নপত্রের ফরমটি ছিনিয়ে নিয়ে যান সিদ্দিকুর রহমানের কয়েকজন সমর্থক।
এসব অভিযোগ অস্বীকার করে সিদ্দিকুর রহমান বলেন, ‘নিজেরা ঘটিয়ে আমার ওপর দায় চাপাচ্ছে।’
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা গোলাম কিবরিয়ার মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা সোয়া তিনটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান অভিযোগ করেন, গোলাম কিবরিয়ার পক্ষে তিনি নিজে বেলা সোয়া তিনটার দিকে মনোনয়নপত্র জমা দিতে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে অপরিচিত এক যুবক তাঁর হাত থেকে মনোনয়নপত্রটি ছিনিয়ে নিয়ে যায়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সামনেই এ ঘটনা ঘটলেও তিনি কিছু বলেননি।
খুলনার তেরখাদা উপজেলার সদর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এইচ এম মহিবুল্লাহর মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে বের হয়ে আসার সময় গতকাল বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। এরপর সদর ইউনিয়নে বিএনপির কোনো প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি। আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানান বিএনপির নেতারা।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটায় মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার পথে সকালে হোসাইন মোশারেফ নামের এক চেয়ারম্যান পদপ্রার্থীকে অপহরণ করে প্রতিপক্ষের লোকজন। প্রশাসন ও আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতাদের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর মোশারেফকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এরপর বেলা দেড়টার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম অপহরণের অভিযোগ অস্বীকার করেছেন।
নির্বাচন কমিশনে অভিযোগ: গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঝালকাঠি ও সাতক্ষীরা থেকে একাধিক অভিযোগ এসেছে নির্বাচন কমিশনে। বিএনপির প্রার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসনের সামনেই ঝালকািঠর নলছিটি ও সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বেশ কয়েকটি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়নপত্র ছিনতাই হয়ে গেছে। কমিশনের সহায়তা নিয়েও মনোনয়ন জমা দিতে পারেননি নলছিটির এক প্রার্থী।
এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
গতকাল সাতক্ষীরার বিএনপি মনোনীত চারজন ও ওয়ার্কার্স পার্টি মনোনীত একজন প্রার্থীর পক্ষে কমিশনে অভিযোগ জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা পারভিন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সচিবের বরাবর দেওয়া এই অভিযোগে বলা হয়, স্থানীয় প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জোর করে মনোনয়নপত্র ছিনতাই করে নেন। এর মধ্যে যোগীখালী ইউপির বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম, সোনাবাড়িয়ার চেয়ারম্যান শহিদুল ইসলাম, দেয়াড়ার চেয়ারম্যান ইব্রাহীম হোসেন, কয়লার চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির নেতা আবদুর রকিব মোল্লা ও কেরালকাতা ইউপির জহিরুল ইসলামের মনোনয়নপত্র রয়েছে।
অভিযোগ পাওয়ার পর সিরাজুল ইসলাম পাঁচ প্রার্থী যাতে মনোনয়নপত্র জমা দিতে পারেন তার ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। তবে কমিশনে উপস্থিত অভিযোগকারীদের প্রতিনিধিরা বলেন, সচিবের নির্দেশ আমলে নেওয়া হয়নি। তাঁরা অভিযোগ করেন, সোনাবাড়িয়া ইউপির চেয়ারম্যান শহীদুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে। মারধরের শিকার হয়েছেন কয়লা ইউপির ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুর রউফ। দেয়াড়া ইউপির চেয়ারম্যান ইব্রাহিম হোসেন প্রথম আলোকে বলেন, গত শনিবার তাঁর স্ত্রী নাজমা পারভীনের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়। রোববার তাঁর মনোনয়নপত্রও কেড়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ বলেন, সবাই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বাইরে কী ঘটেছে তা তিনি জানেন না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে।
এদিকে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুস সালাম অভিযোগ করেন, সকালে মনোনয়নপত্র জমা দিতে গেলে যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কর্মীরা তাঁদের ধাওয়া করেন। সালাম টেলিফোনে বিষয়টি কমিশনকে জানান। কমিশন এই প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার জন্য স্থানীয় থানার ওসি মাকসুদ আহমেদকে নির্দেশ দেয়। পরে আবদুস সালামের পক্ষে পারুল বেগম ও দীপা আক্তার ওসির সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে যান। সেখানে ওসির সামনেই যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁদের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেন এবং তাঁদের উপজেলা পরিষদের একটি কক্ষে আটকে রাখেন। পরে কমিশনের নির্দেশে জেলা পুলিশ সুপারের (এসপি) হস্তক্ষেপে দুই নারী মুক্ত হন।
এ বিষয়ে ওসি মাকসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পরে তিনি তাঁদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দিয়েছেন। ওই দুজনকে আটকে রাখার অভিযোগ তিনি অস্বীকার করেন।