বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিকসহ রাজনৈতিক দলগুলোর অন্তত ১৬১ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় গুলি, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। আর গত দুই দিনে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ৩২০ জনকে আটক করা হয়েছে।

ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:

 রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুরে গতকাল আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দসহ পুলিশের তিনজন সদস্য ও উভয় দলের ১২ নেতা-কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭৩টি গুলি ছোড়ে এবং কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদসহ পাঁচজনকে আটক করেছে।

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর এলাকায় গতকাল দুপুরে আওয়ামী লীগের সমাবেশের কাছে বোমা হামলা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। আওয়ামী লীগের কর্মীরা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে পিটুনির পর পুলিশে দিয়েছে।

পুলিশ জানায়, বেলা একটার দিকে রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন সভামঞ্চে বক্তব্য শুরু করার পরপরই সমাবেশ লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারা হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়। সাংসদ আয়েন উদ্দিন অভিযোগ করেন, শিবিরের কর্মীরাই এই হামলা চালিয়েছেন।

এদিকে রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল সকালে অগ্নিসংযোগ করা হয়েছে। ককটেল ছুড়ে দলীয় বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে। চারঘাটে একটি খড়ের ট্রাকে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় মোট ১৮ জনকে আটক করা হয়েছে। র‌্যাব সদস্যরা ২৪টি হাতবোমা ও ১০টি পেট্রলবোমা উদ্ধার করেছে।

বান্দরবান: বান্দরবানে গতকাল আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে পুলিশসহ উভয় দলের অন্তত ১২ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে জেলা বিএনপির কার্যালয়। পরে বিভিন্ন স্থান থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌরসভার মেয়র জাবেদ রেজাসহ ছয়জনকে আটক করে পুলিশ। পরে মেয়রকে ছেড়ে দেওয়া হয়।

সিলেট: সিলেটে নগরে গতকাল পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বেলা দুইটার দিকে নগরের মদিনা মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। সেখানে জামায়াত-শিবিরের কর্মীরা ১২টি গাড়ি ভাঙচুর করেন। বিকেলের দিকে সোবহানীঘাট এলাকায় ছাত্রদলের কর্মীরা গাড়ি ভাঙচুর করেন। দুপুরে ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা সদরেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়ার ঘটনা ঘটেছে।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।

সিলেট জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযানে বিএনপি-জামায়াতের ৪৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গতকাল পৃথক তিনটি স্থানে বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের একটি টেম্পোতে আগুন দেন। এ ছাড়া রাস্তায় বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। অন্যদিকে পুলিশের সঙ্গে লাঠিসোঁটা ও অস্ত্র হাতে নিয়ে মাঠে ছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদিকে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলায় গত দুই দিনে নাশকতার আশঙ্কায় বিএনপি জামায়াত-শিবিরের ২৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিএনপির মিছিল শেষে লক্ষ্মীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ দুজনকে আটক করা হয়। এ ছাড়া গত দুই দিনে আর ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগ গতকাল দুপুরে জেলা শহরে বিজয় মিছিল ও সমাবেশ করেছে। শহরের উত্তর তেমুহনী এলাকায় মিছিলের সময় যুবলীগের এক কর্মীকে একটি শটগান হাতে দেখা গেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি এ কে এম শাহাজান কামাল, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের প্রমুখ।

ফেনী: ফেনীতে ছাত্রদল-যুবদলের কর্মীরা গত দুই দিনে অন্তত ছয়টি যানবাহন ভাঙচুর ও দুটিতে অগ্নিসংযোগ করেন। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১২ জনকে আটক করেছে। বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রাংক রোড এলাকায় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে স্কুলছাত্র অনিক ও হৃদয়।

দিনাজপুর: বিকেল চারটার দিকে জেলা শহরে বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও রাবার বুলেট ছোড়ে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন। পুলিশ ১১ জনকে আটক করেছে।

নোয়াখালী: দুপুর পৌনে ১২টার দিকে জেলা প্রেসক্লাব চত্বর থেকে ২০-দলীয় জোট মিছিল বের করে। মিছিলটি সমবায় মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। দুই দোকানিসহ আহত হন ছয়জন। এর আগে সকালে শহরের নাপিতের পোল ও ইসলামিয়া সড়কে বিএনপির কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হন চারজন। সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির কর্মী-সমর্থকেরা অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করেন এবং একটি বাসে আগুন দেন। পুলিশ বিভিন্ন স্থান থেকে ২০ জনকে আটক করে।

হবিগঞ্জ: সন্ধ্যায় বাহুবল উপজেলার মিরপুর এলাকায় বিএনপি-জামায়াত মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ রাবার বুলেট ছোড়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন। দুজনকে আটক করে পুলিশ।

জুড়ী (মৌলভীবাজার): বিএনপির নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে জেলার কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে কালো পতাকা নিয়ে মিছিল বের করেন। মিছিলটি চৌমোহনা এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় সকাল ১০টায় বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে বিএনপির কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হন।

কুষ্টিয়া: বেলা ১১টায় শহরের এন এস রোডে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কালো পতাকা নিয়ে মিছিল বের করে। পরে তাঁরা ২২টি যানবাহন ভাঙচুর করেন। এর পরপরই ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে আগুন দেন।

মঠবাড়িয়া (পিরোজপুর): দুপুর ১২টার দিকে পিরোজপুর শহরের বিলাস চত্বরে সমাবেশ ও মিছিল করার প্রস্তুতি নেয় বিএনপি। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে নয়জন আহত হন। পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়সহ দলের চার নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় দুজন সাংবাদিক আহত হন।

কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনা জেলার বিভিন্ন স্থান থেকে রোববার ২৪ জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে গত রোববার দিবাগত রাতে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ বিভিন্ন মামলার মোট ২১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়া উপজেলায় গত দুই দিনে বিএনপি-জামায়াতের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মধ্যে চকরিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলীও (২৮)আছেন।