বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬৭ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত মঙ্গল ও গতকাল বুধবার পৃথক সংঘর্ষে ১৯ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এ ছাড়া সোম, মঙ্গল ও গতকাল বুধবার মাগুরা সদর, রাজবাড়ীর গোয়ালন্দ ও ভোলা সদরে দুই পক্ষের সংঘর্ষে আরও ৩২ জন আহত হন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: মেয়েদের উত্ত্যক্ত করা ও ক্যারম খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আজিম বাজারে গজালিয়া গ্রামের লিটন শেখের সঙ্গে গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের লিয়ন ফরাজীর হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল সকাল সাড়ে আটটার দিকে দুই গ্রামের কয়েক শ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ প্রায় দেড় ঘণ্টা চলে। এতে গিমাডাঙ্গা এলাকার লোকদের এয়ারগানের গুলিতে গজালিয়া গ্রামের ১৯ জন গুলিবিদ্ধসহ মোট ৩০ জন আহত হন। ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ২২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যায় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই উপজেলার পাটগাতি ইউনিয়নের চিংগুড়ী গ্রামে ঘর থেকে বের হওয়ার রাস্তার বিরোধ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় কৃষ্ণ চৌধুরী ও বিশ্বনাথ চৌধুরীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে।
মাগুরা: সদর উপজেলার পাটোখালীর আবদুর রহমানের সঙ্গে গাংনীর আবদুল হালিমের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে হঠাৎ হালিমের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রহমানের লোকজনের বাড়িঘরে হামলা করে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে ছয়জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার উপরিদর্শক মো. নাসির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একটি কাঁদানে গ্যাসের শেল ও তিনটি রাবার বুলেট ছোড়ে।
গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার রাতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। এর মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ এপ্রিল উপজেলার ট্যাংরাপাড়ায় ছোট ভাকলা ইউপির ট্যাংরাপাড়া এবং দেবগ্রাম ইউপির পশ্চিম ট্যাংরাপাড়া ও তেনাপচা এলাকার মধ্যে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এর জের ধরে সোমবার ট্যাংরাপাড়ার চৌধুরী আবদুল হামিদ একাডেমীর দশম শ্রেণির ছাত্র পশ্চিম ট্যাংরাপাড়ার রাকিব ও রাসেলকে আটকে মারধর করা হয়। খবর পেয়ে রাকিবের বড় ভাই রবিন ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। সন্ধ্যার পর পশ্চিম ট্যাংরাপাড়া ও তেনাপচা গ্রামের লোকজন সেখানে গেলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়।
ভোলা: সদর উপজেলার রামদাসপুরে গলদা রেণুর অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষের দ্বন্দ্ব চলছে। এর জের ধরে মঙ্গলবার লোকমান চৌধুরী ও নেকু সরদার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, লোকমান রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য। নেকু আওয়ামী লীগের স্থানীয় ক্যাডার। মঙ্গলবার সকাল ১০টার দিকে নেকুর লোকজন লোকমানের ভাতিজা মান্না চৌধুরীর ওপর হামলা করেন। এরপর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এতে দুই পক্ষের ১০ জন আহত হন।