মো. আনিছ উদ্দিন ভূঁইয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট মেকানিক অ্যাসিস্ট্যান্ট। নয় হাজার ১৫০ টাকা বেতন স্কেলে চাকরি করেন। স্ত্রী লতিফা ইয়াসমিন গৃহিণী। তাঁদের দুজনের সাতটি ব্যাংক হিসাবে ১৩ কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অর্থের বৈধ কোনো উৎস দেখাতে না পারায় এই দম্পতির বিরুদ্ধে বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে।
গতকাল সোমবার বিমানবন্দর থানায় এ মামলা করেন দুদকের উপপরিচালক মোরশেদ আলম। মামলায় এ দম্পতির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও শুল্ক ফাঁকির মাধ্যমে অর্থ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে কারাবন্দী আনিছ উদ্দিন ভূঁইয়া সোনা চোরাচালান মামলায় গত বছর গ্রেপ্তার হন। চাকরি থেকে সাময়িক বরখাস্ত তিনি।
দুদক সূত্র জানায়, চলতি বছরের শুরুর দিকে আনিছ উদ্দিন ভূঁইয়ার সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পাঠানো তথ্য বিশ্লেষণ করে আনিছ উদ্দিন ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পায় দুদক। একটি বেসরকারী ব্যাংকের দুটি শাখায় দুজনের সাতটি ব্যাংক হিসাবে ১৩ কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৪১৭ টাকা লেনদেন হয়। এর মধ্যে আনিছ উদ্দিনের নামে উত্তরা ৪ নম্বর সেক্টরে ফ্ল্যাট ও উত্তরখানে একতলা বাড়ি এবং তাঁর স্ত্রীর নামে উত্তরখানে ফ্ল্যাট কেনা বাবদ লেনদেনও রয়েছে।
গত বছরের ২৬ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১০৬ কেজি ওজনের ৯৩৬টি সোনার বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৪৬ কোটি ৮০ লাখ টাকা। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ওই দিনই আনিছ উদ্দিন ভূঁইয়াকে আটক করে শুল্ক গোয়েন্দারা। ওই ঘটনায় বিমানবন্দর থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আনিছ উদ্দিন সোনা চোরাচালান চক্রের অন্যতম সদস্য। তাঁকে পরে ২০১৩ সালের ২৪ জুলাই শাহজালালে ১২৪ কেজি সোনা আটকের ঘটনায় করা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়। সোনার চালান আটকের সবচেয়ে বড় দুটি ঘটনার তদন্ত এখনো শেষ করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলা দুটির তদন্ত-তদারক কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী সুপার মুস্তাফিজুর রহমান দাবি করেন, তদন্তের স্বার্থেই মামলা দুটিতে সময় লাগছে।