বিমানবন্দর এলাকায় ছিনতাইকারীকে পুলিশের গুলি
বিমানবন্দর এলাকায় পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ বলছে, ওই ব্যক্তি ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন। আহত ওই ব্যক্তির নাম অপু মাতবর (২৩)। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী এলাকার বিল্লো গ্রামে।
বিমানবন্দর থানার পুলিশ জানায়, গতকাল শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বনরূপা পুলিশ ফাঁড়ির কাছে রাত সাড়ে আটটার দিকে ছিনতাই করার সময় অপুকে হাতেনাতে ধরে পুলিশ। তাঁকে আটক করে হ্যান্ডকাফ পরিয়ে থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। একপর্যায়ে তিনি হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ তাঁকে লক্ষ্য করে গুলি করলে তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে দুটি গুলি লাগে।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফি প্রথম আলোকে বলেন, ওই এলাকায় প্রায়ই ছিনতাই হয়। পুলিশ রাতে ছিনতাই হওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে অপুকে হাতেনাতে ধরে। প্রথমে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।