পৌনে ১২ কেজি সোনা আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৬৪টি সোনার বারসহ গতকাল শুক্রবার দুজনকে আটক করা হয়েছে। বারগুলোতে প্রায় পৌনে ১২ কেজি সোনা রয়েছে। এর মূল্য প্রায় ছয় কোটি ১৫ লাখ টাকা।
এ দুজনের মধ্যে আল আমিনকে সাত কেজি ৩০০ গ্রাম সোনা ও ২৫টি বাংলাদেশি পাসপোর্টসহ বিমানবন্দর থেকে আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। মো. শাহীনকে সাড়ে চার কেজি সোনাসহ কমলাপুর স্টেশনে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে করে আল আমিন মালয়েশিয়া থেকে গতকাল ভোর ছয়টার দিকে ঢাকায় আসেন। তিনি গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় তাঁর ব্যাগ তল্লাশি করে জুসের প্যাকেটের ভেতর থাকা সোনার বারগুলো আটক করা হয়। ব্যাগে এক কেজি ওজনের পাঁচটি, আধা কেজি ওজনের একটি এবং ১০০ গ্রাম ওজনের ১৮টি বার ছিল। ব্যাগ থেকে মালয়েশিয়ার ভিসাযুক্ত বাংলাদেশি ২৫টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
মইনুল খান বলেন, ‘আল আমিনের বাড়ি নারায়ণগঞ্জে। গত দুই মাসে তিনি সাতবার মালয়েশিয়া গেছেন। সোনা ও বিপুলসংখ্যক পাসপোর্ট পাওয়ায় ধারণা করছি তিনি সোনা চোরাচালান এবং আদম ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা হয়েছে।’
কাপড়ের বেল্টের মধ্যে ৪০টি সোনার বার নিয়ে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় নিয়ে আসছিলেন মো. শাহীন। সকাল পৌনে আটটার দিকে কমলাপুর স্টেশনে ওই বারগুলোসহ শাহীনকে আটক করে কমলাপুর রেলওয়ে পুলিশ।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদের ভাষ্য, আটক সোনার ওজন সাড়ে চার কেজি। এর মূল্য আড়াই কোটি টাকা হতে পারে। শাহীন কোমরে বেল্টের মধ্যে সোনার বারগুলো লুকিয়ে রেখেছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে। শাহীনের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে। তিনি স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকার উত্তরায় বাস করেন। সোনার চালানটি সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের কথা ছিল।