বিমানবন্দর চত্বর সড়কে নিয়ম মানে না কেউই

বিমানবন্দর চত্বরের সামনের সড়কের ঠিক মাঝখানে সাইনবোর্ড টাঙানো। লেখা আছে: ‘যত্রতত্র রাস্তা পারাপার আইনত দণ্ডনীয়’। চত্বরের পশ্চিম পাশে সাইনবোর্ডে আছে: ‘দুর্ঘটনা এড়াতে ফুটওভারব্রিজ (পদচারী-সেতু) ব্যবহার করুন’। অন্যটিতে লেখা আছে: ‘এখানে যাত্রী ওঠানামা নিষেধ’।
দুর্ঘটনা আর যানজট এড়ানোর সতর্কবার্তা থাকলেও এগুলো মানেন না পথচারীরা। বরং নিয়ম না মেনে হরহামেশাই চলছে ব্যস্ত সড়কটির ওপর দিয়ে পারাপার। সকাল-সন্ধ্যা-রাত ২৪ ঘণ্টাই এমন দৃশ্য দেখা যায়। তবে সকালে-বিকেলে কর্মজীবীদের আসা-যাওয়া বেড়ে গেলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক সদস্যদের।
বিমানবন্দর চত্বরে ৬ জুলাই সকাল নয়টার দিকে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল বাহারুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘হাইওয়ে সড়কের কারণে এখানে দ্রুতগতিতে বাস-ট্রাক চলাচল করে। কিন্তু আমাদের কথা কেউ শোনে না।’ পথচারীদের সঙ্গে কথা বলা হলে উল্টো দোষ চাপান পুলিশের ওপর।
এক পথচারী বললেন, ‘ওভারব্রিজ হকার আর ফকিরদের দখলে। সিঁড়ি ভাঙা। রাতে ছিনতাই হয়। উঠব কীভাবে!’
বিমানবন্দর এলাকার ট্রাফিক পরিদর্শক (টিআই) আবদুল আলীম চৌধুরী প্রথম আলোকে জানান, পাঁচটি রাস্তা এখানে মিলেছে। রেলস্টেশন ও বিমানবন্দর থাকায় প্রতি পাঁচ মিনিটে শত শত লোক পারাপার হন। কিন্তু যানবাহন নিয়ন্ত্রণে প্রতি বেলায় ছয়জন কনস্টেবল আর দুজন উপপরিদর্শক কাজ করেন।
আবদুল আলীম চৌধুরী আরও বলেন, ‘ওভারব্রিজ ফাঁকা। কেউই একটু কষ্ট করে ওভারব্রিজে পারাপার হন না।’