বিমানবন্দরে পরিত্যক্ত ট্রলির রডগুলো সোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার দুপুরে একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়েছে। পরে স্ক্যানিং মেশিনে ট্রলিটি দেওয়ার পর দেখা যায় এর ভেতরের রডগুলো সোনা দিয়ে তৈরি।

বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ ধারণা করছে, অভিনব এ কায়দায় চার কেজি সোনা দেশে পাচারের চেষ্টা করা হয়েছিল। পাচারকারী ধরা পড়ার ভয়ে ট্রলিটি ফেলে যান। ব্যাগটির গায়ে লাগানো ট্যাগে কৃষ্ণ কুমার ঘোষ নাম লেখা রয়েছে।

শুল্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ফ্লাই দুবাই এয়ারলাইনসের উড়োজাহাজে করে একটি ট্রলি ব্যাগের ভেতর এ সোনা দেশে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিনের পাশে ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

শুল্ক কর্তৃপক্ষের দাবি, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগ ও এর বহনকারীকে আটকের জন্য বিমানবন্দরে অভিযান চালানো হচ্ছিল। অভিযানের বিষয়টি আগে থেকে টের পেয়ে বহনকারী ব্যাগটি স্ক্যানিং মেশিনের পাশে ফেলে পালিয়ে গেছেন।

শুল্ক বিভাগ জানায়, ট্রলি ব্যাগের ভেতরের রডগুলো সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। এরপর এর ওপর সাদা রংয়ের প্রলেপ দেওয়া হয়। এভাবে অভিনব কায়দায় চার কেজি সোনা দেশে পাচারের চেষ্টা করা হয়েছিল। আটক হওয়া সোনার বাজারমূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।