বিমানবন্দর থেকে তিন কোটি টাকার ওষুধ ও সোনা আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কোটি টাকার অবৈধ ওষুধ ও সোনা আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আজ বুধবার দিনের বিভিন্ন সময়ে এগুলো আটক করা হয়।
শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার মো. শহিদুজ্জামান সরকার প্রথম আলোকে জানান, বেলা আড়াইটার দিকে মতিঝিলের একটি প্রতিষ্ঠানের ঠিকানায় ওষুধগুলো বাংলাদেশে আসে। তবে তদন্তের স্বার্থে ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি তারা। এসব ওষুধের বেশির ভাগই ক্যানসার ও হাইপারটেনশন রোগের ওষুধ। এগুলোর বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে তুরস্কে থেকে বাংলাদেশে পাঠানো হয় ওষুধগুলো।
এদিকে আজ বেলা সাড়ে বারটার দিকে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ত্রিশ লাখ টাকার সোনা উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। ওই যাত্রীর নাম মো. জহির হোসেন। শুল্ক কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান, ওই যাত্রীর কাছে থাকা সাবানে স্বর্ণগুলো লুকানো ছিল।