বিমানবন্দর থেকে সোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার সকালে ৫৭টি স্বর্ণের বার (৬.৬৪৮ কেজি) উদ্ধার করা হয়েছে। ওমান থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে এ স্বর্ণের বার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, এনবিআরের নির্দেশে এনফোর্সমেন্ট মাস চলছে। এ উপলক্ষে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান শুরু করেছে।
এসব অভিযানের অংশ হিসেবে গতকাল সকাল নয়টার দিকে ওমানের মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের অভ্যন্তরে (সিট নম্বর ২৩এ) তল্লাশি চালানো হয়। সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো ৫৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ দশমিক ৬৫ গ্রাম করে মোট ৬ দশমিক ৬৪৮ কেজি। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩৩ লাখ টাকা। স্বর্ণ চোরাচালানে বিমানের অভ্যন্তরে কোনো কর্মকর্তার সহায়তা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানান মইনুল খান। তিনি বলেন, ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এনফোর্সমেন্ট মাস। রাজস্ব বাড়ানো, রাজস্ব ফাঁকিবাজ ও চোরাচালানিদের বিরুদ্ধে শুল্ক, মূসক গোয়েন্দা এই বিশেষ অভিযান শুরু করেছে।