বিমানবন্দর থেকে ৫১০ কচ্ছপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে পাচারকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রপ্তানিনিষিদ্ধ ৫১০টি কচ্ছপ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার সকালে এগুলো বাক্সবন্দী অবস্থায় বিমানবন্দরের বহির্গমন বিভাগের ভারী লাগেজ গেটে পড়ে ছিল। এর কোনো মালিক পাওয়া যায়নি।
বিমানবন্দরের সহকারী কাস্টমস কমিশনার (প্রিভেন্টিভ) রুহুল আমিন প্রথম আলোকে জানান, বন্দরের ভেতরে তিনটি কার্টন সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে সেগুলো উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে তা স্ক্যান করার পর কচ্ছপের অস্তিত্ব পাওয়া যায়। তিনটি কার্টনের দুটিতে ৫১০টি কচ্ছপ ছিল। এর একটিতে ছিল খাবার। উদ্ধার করা কচ্ছপের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকার মতো বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, লাগেজের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যপণ্যের আড়ালে কচ্ছপগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল।
কাস্টমস সূত্র জানায়, কচ্ছপ উদ্ধারের পর বন্য প্রাণী বিভাগের কর্মকর্তাদের ডাকা হয়। এরপর পরিদর্শক নিগার সুলতানাসহ চার কর্মকর্তা এসে এগুলোকে চিত্রা কচ্ছপ বলে জানান। তাঁরা কাস্টমস কর্মকর্তাদের জানান, এ ধরনের কচ্ছপ সাধারণত সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে পাওয়া যায়। এর আকারও ছোট।
ওই সূত্র জানায়, থাইল্যান্ড, হংকং ও চীনে এর কদর রয়েছে। এ কারণে চোরাকারবারিরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এগুলো পাচারের চেষ্টা করে থাকে। কয়েক দিন আগে একই প্রজাতির কচ্ছপ বেনাপোলে ধরা পড়ে। এগুলো বন্য প্রাণী অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে দেওয়া হয়। কচ্ছপগুলো গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলে জানা গেছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।