বিমানবন্দর রেললাইনের ওপর অবৈধ বাজার

বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আশকোনা হজ ক্যাম্প সড়কের রেলগেট মোড়। সড়কের পূর্ব পাশের স্লিপারের ওপর বসেছে ভ্রাম্যমাণ ফলবাজার। হঠাৎই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার হুইসিল শোনা গেল। সঙ্গে সঙ্গে দোকানিদের কেউ কেউ স্লিপারের ওপর থেকে মালামাল সরিয়ে ট্রেন বেরিয়ে যাওয়ার পথ করে দিলেন। ট্রেন চলে গেলে আবার বসল দোকান।
উত্তরার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এলাকায় আশকোনা হজ ক্যাম্প সড়কের প্রতিদিনের দৃশ্য এমনই। প্রতিদিনই সেখানে ফলের বাজার বসে রাস্তায়। মাঝেমধ্যে উচ্ছেদ করা হয়, কখনো স্টেশনের নিরাপত্তাকর্মীরা তাঁদের উঠিয়ে দেন। কয়েক ঘণ্টার বিরতি দিয়ে আবারও বসে পড়েন সবাই।
গতকাল সেখানে গিয়ে দেখা গেল, স্লিপারের ওপরেই বসেছে প্রায় ১০টি ফলের দোকান। স্টেশনে প্রবেশের সংযোগ সড়কের দুই পাশে আছে আরও প্রায় ২৫টি দোকান। দোকানগুলোয় ক্রেতাদের জমজমাট ভিড়। বিক্রি হচ্ছে মৌসুমিসহ নানা ধরনের ফল।
বিক্রেতাদের একজন মো. আশরাফ বলেন, ‘ট্রেন আসলে মালামাল সরায়ে নিই। চইলা গেলে আবার বসি। সমস্যা হইব ক্যান, এমনেই তো বহু বছর ধইরা ব্যবসা করতাছি।’
জানা যায়, উচ্ছেদের কারণে বিভিন্ন সময় জায়গা বদলালেও আশকোনা হজ ক্যাম্প সড়কের রেলগেট মোড়ের ফলের এই বাজারের বয়স প্রায় ১৫ বছর। বাজারটি এলাকাবাসীর কাছেও পরিচিত। তারপরও দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দিলেন না স্থানীয় লোকজন। স্থানীয়দের একজন সামছুর মিয়া বলেন, ‘মাঝেমধ্যে ট্রেনের ধাক্কায় কারও কারও হাত-পা ভাঙে, ঝুড়ির মালামাল পইড়া যায়। তাতে কী? দোকান তো সরে না, চলতাছে।’
একই জায়গা থেকে রেলস্টেশনে প্রবেশের সংযোগ সড়কের উত্তর পাশে গড়ে উঠেছে একটি কাঁচাবাজার। রয়েছে প্রায় ৪৫টি সবজি, মাছ, শুকনো খাবার, মসলা ও চায়ের দোকান। এয়ারপোর্ট রেলস্টেশনের কয়েকজন কর্মকর্তা জানান, জায়গাটি রেল মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। তাঁরা অভিযোগ করে বলেন, কয়েকজন স্থানীয় শ্রমিক লীগ নেতার তত্ত্বাবধানে বাজারটি গড়ে উঠছে। কয়েকবার উচ্ছেদ করা হলেও বাজার ঠেকানো যাচ্ছে না। দিনে দিনে বাজারের পরিধি বাড়ছে।
জানতে চাইলে বিমানবন্দর থানা শ্রমিক লীগের সভাপতি ইমাম আলী প্রথম আলোকে বলেন, ‘এদের বসার অনুমতি কেউ দেয় না, এরা নিজেরাই বসে। আগে রাস্তায় বসত, ফাঁকা জায়গা পেয়ে এখানে বসছে। আমি দোকানগুলোয় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দিচ্ছি। নিজে ছোট একটা দোকান চালাই।’
গতকাল বুধবার দুপুরে সেখানে গেলে চোখে পড়ে, দোকানগুলোয় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। দোকানিরা মালপত্র সাজাচ্ছেন, প্রচুর ক্রেতা আসছেন, কেনাকাটা করছেন। বাঁশ-কাঠ ও প্লাস্টিক পলিথিন দিয়ে দোকানের কাঠামো নির্মাণ চলছে। জানা যায়, সংযোগ সড়কের উত্তর পাশে ৭০ ফুট পর্যন্ত রেলের জায়গা। এরপর থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জায়গা। বাজার বসে দুপুরে, বন্ধ হয় রাত ১১টায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এয়ারপোর্ট রেলস্টেশনের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, রেলস্টেশনের আশপাশ থেকে সর্বশেষ গত সোমবার সব ধরনের অবৈধ দোকান ও হোটেল উচ্ছেদ করা হয়েছে।