বিমানবন্দরে আড়াই কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বুধবার আড়াই কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউস সূত্র বলেছে, দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-০৪৬) একটি ফ্লাইট ইস্তাম্বুল থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। ওই ফ্লাইটে চট্টগ্রাম থেকে আসা তানিয়া আক্তারকে তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়।
সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, জিজ্ঞাসাবাদে তানিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সঙ্গে আসা যাত্রী মফিজুল আলমের কাছ থেকে একটি সোনার বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তানিয়া বলেন, মফিজুল সোনার বারগুলো তাঁকে রাখতে দেন। এই ১৩টি বারের ওজন ১ কেজি ৬০০ গ্রাম। তানিয়া, তাঁর স্বামী মাইনউদ্দিন ও মফিজুলকে আটক করা হয়। তিনি বলেন, তাঁদের কাছ থেকে এক কেজি স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দর থানার সূত্র বলেছে, আটক ব্যক্তিদের ওই থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।