বিমানবন্দরে এক কোটি টাকার বেআইনি ওষুধ জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সোমবার এক কোটি টাকা মূল্যের বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, জব্দ করা ওষুধের ওজন প্রায় ৩০ কেজি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে বিমানবন্দরে কার্গো গুদাম থেকে ওষুধগুলো জব্দ করা হয়। চারটি কার্টনের মধ্যে ওষুধগুলো পাওয়া যায়। জব্দ করা ওষুধের বেশির ভাগই ক্যানসার ও প্রজনন চিকিৎসায় ব্যবহার করা হয় বলে ধারণা করা হচ্ছে। রাজ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান আমদানি-নীতি ভঙ্গ করে এসব ওষুধ তুরস্ক থেকে বাংলাদেশে এনেছে। চয়েস এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে তুর্কি এয়ারলাইনসের একটি বিমানে করে ওষুধের চালানটি গত ৬ জুন ঢাকায় আসে। ওষুধগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নীতিমালা ভঙ্গ করে আনা হয়েছে। এ কারণে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আর্জিনা খাতুনকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।