বিমানবন্দরে এক হাজার কার্টন বিদেশি সিগারেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ হাওয়া এসব পণ্যের মূল্য ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস।

গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট এবং দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে ৮৮০ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেন শুল্ক কর্মকর্তারা। জব্দ হওয়া সিগারেটের মূল্য ২৩ লাখ বলে জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির। তবে তদন্তের স্বার্থে তিনি যাত্রীদের নাম বলেননি।

একই সময় বিমানবন্দরের পাঁচ নম্বর ব্যাগেজ বেল্টের পাশে একটি ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় যুক্তরাজ্যের বেনসন অ্যান্ড হেজেজ ও আমেরিকার ৩০৩ ব্র্যান্ডের ২০০ কার্টন সিগারেট উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, ট্রলিতে থাকা তিনটি ব্যাগের ভেতর এসব সিগারেট ছিল। দুটি ব্যাগে যাত্রীর ট্যাগ পাওয়া গেছে। শুল্ককরসহ জব্দ হওয়া সিগারেটের মূল্য প্রায় ১২ লাখ টাকা। লাগেজের ট্যাগ অনুযায়ী যাত্রী শনাক্ত করা হবে। জব্দ হওয়া সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।