বিমানবন্দরে চার কেজি সোনাসহ একজন আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার সকালে চার কেজি ৪৬৭ গ্রাম সোনাসহ রিয়াজুল হক (৩৫) নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আর দুপুরে দুটি ব্যাগ থেকে ৮৭ কার্টন অবৈধ সিগারেট ও ৩৯৮ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, দুপুরে ঢাকায় আসা সৌদি এয়ারলাইনসের যাত্রী রিয়াজুলকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ ও পকেট থেকে চার কেজি ৪৬৭ গ্রাম সোনার ৩৮টি বার উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা।
এ ঘটনার কয়েক ঘণ্টা পর শুল্ক গোয়েন্দা বিভাগ তিনটি ব্যাগ থেকে অবৈধ সিগারেট ও ৩৯৮ গ্রাম সোনা উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, সিগারেট থাকা ব্যাগের মালিক কে তা জানা যায়নি। তবে উদ্ধার হওয়া সোনা রেখে দিয়ে দাবিদার একজন যাত্রীকে ছেড়ে দেওয়া হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ৩৯৮ গ্রাম সোনার মূল্য ১০ লাখ টাকারও অনেক কম। আইন অনুযায়ী, কেউ ১০ লাখ টাকা মূল্যের ওপরে সোনা আনার পর স্বীকার না করলে তা চোরাচালান হয়। তাই ৩৯৮ গ্রাম সোনা চোরাচালানের মধ্যে পড়ে না। তবে শুল্ক ফাঁকি দেওয়ার কারণে সোনাগুলো রেখে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।