বিমানবন্দরে চার কোটি টাকার বৈদ্যুতিক মিটার জব্দ
মিথ্যা তথ্য দিয়ে আমদানি করায় গতকাল সোমবার হজরত শাহজালাল বিমানবন্দরে ১৫ হাজার বৈদ্যুতিক ডিজিটাল মিটার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাদের দাবি, এসব মিটারের মূল্য চার কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, চীন থেকে আমদানি করা এসব মিটার ১৫ অক্টোবর ঢাকায় আসে। এর আমদানিকারক এমজে ইমপ্যাক্স নামের একটি প্রতিষ্ঠান। গতকাল সকালে তানিয়া এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে মিটারগুলো খালাসের সময় জব্দ করা হয়। ২৫১টি কার্টনের ভেতর মিটারগুলো পাওয়া যায়। প্রতিটি কার্টনের ভেতর ৬০টি করে মিটার ছিল। জাতীয় পণ্য খালাসে বাধ্যতামূলক বাংলাদেশ মান নিয়ন্ত্রণ সংস্থার (বিএসটিআই) অনুমোদন নেওয়া হয়নি বলে জানান মইনুল খান।
তিনি বলেন, এ ধরনের মিটারের আমদানি শুল্ক প্রায় ৬২ শতাংশ। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠানটির কাগজপত্রে শুল্ক দেখানো হয়েছে ৩৭ শতাংশ। সব মিলিয়ে এক কোটি টাকার শুল্ক দেওয়ার কথা। কিন্তু তারা দিয়েছে মাত্র ১ লাখ ৫৭ হাজার টাকা।