বিমানবন্দরে চেতনানাশক তরল পদার্থ জব্দ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ কেজি চেতনানাশক তরলজাতীয় পদার্থ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই পদার্থ জব্দ করা হয়। তবে আজ বুধবার ওই তরল পদার্থ চেতনানাশক বলে নিশ্চিত হন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান সাংবাদিকদের বলেন, গতকাল বিকেল চারটার দিকে বিমানবন্দরে কুরিয়ার ইউনিটের ফটক দিয়ে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক হাতে একটি বাক্স নিয়ে বের হচ্ছিলেন। তখন শুল্ক গোয়েন্দারা বাক্স তল্লাশির জন্য তাঁকে থামতে বলেন। কিন্তু যুবক যুবক বাক্স রেখে পালিয়ে যান। পরে বাক্স খুলে ভেতরে একটি প্লাস্টিকের পাত্রে রাখা ওই তরলজাতীয় পদার্থ জব্দ করা হয়। পরে তার কিছু অংশ র্যাবের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ বিকেলে র্যাবের প্রতিবেদনে ওই তরল পদার্থ চেতনানাশক হিসেবে মন্তব্য করা হয়।
মাইনুল খান বলেন, ওই পদার্থ ফ্রান্স থেকে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো নাশকতার উদ্দেশ্যে তা আনা হয়েছে। তবে কবে ও কোন বিমানে তা আনা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। তদন্ত চলছে।