বিমানবন্দরে ছুরির আঘাতে আনসার সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবকের ছুরির আঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের চার নম্বর গেটের সামনে ওই ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। ছবি: সাজিদ হোসেন
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবকের ছুরির আঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের চার নম্বর গেটের সামনে ওই ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। ছবি: সাজিদ হোসেন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবকের ছুরির আঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহত আনসার সদস্যের নাম মো. সোহাগ মিয়া। আহত হয়েছেন আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও দুই সদস্য। হামলাকরী ওই যুবকের গায়ে বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মীর পোশাক ছিল। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরা তাঁকে আহত অবস্থায় আটক করেন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের চার নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটিকে প্রথমে জঙ্গি হামলা মনে করে বিমানবন্দরের উড্ডয়ন-অবতরণসহ সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরের কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমে তৎক্ষণাৎ​ হামলার বিষয়টি ঘোষণা করা হয়। এ সময় আত্মীয়স্বজনকে বিদায় দিতে আসা এবং বিমানবন্দরে ঢোকার জন্য অপেক্ষমাণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা হুড়োহুড়ি করে এদিক–ওদিক ছোটেন। প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়।

হামলাকারী শিহাব।ছবি: প্রথম আলো
হামলাকারী শিহাব।ছবি: প্রথম আলো

মো. সোহাগ মিয়ার বুকের বাঁ পাশে হামলাকারীর ছুরির আঘাত লাগে। আহত অবস্থায় তাঁকে কুর্মিটোল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আহত আরেক আনসার সদস্য সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) জিয়াউর রহমান সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত দুজন এপিবিএন সদস্য হলেন কনস্টেবল আশিক ও কনস্টেবল ইশতিয়াক।

ঘটনাস্থলে থাকা আনসার কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি গিয়ে দেখি সোহাগ মিয়া তিন নম্বর গেটের সামনে গড়াগাড়ি খাচ্ছে। তাঁর শরীর থেকে গল গল করে রক্ত পড়ছে। তারপর আমি সি অফ করতে আসা লোকজনের সহায়তায় সোহাগকে উদ্ধার করে করে কুর্মিটোলা নিয়ে আসি। চিকিৎসকেরা তাঁর ইসিজি করার পর তাঁকে মৃত ঘোষণা করেন।’
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান সাংবাদিকদের বলেন, ‘হামলাকারীর পরিচয় সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।’ হামলাকারীর আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, তাঁকে ধরার সময় ধস্তাধস্তিতে আহত হয়েছেন।

এপিবিএনের পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে জানান, হামলাকারীর নাম শিহাব। তাঁকে পুলিশের কাউন্টার টেরিরিজম অ্যান্ড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, প্রথমে মনে করা হয়েছিল, ওই ব্যক্তি বিমানবন্দরের পরিচ্ছন্নতার কাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান একে ট্রেডার্সের কর্মী। পরিচ্ছন্নতাকর্মীদের মতো পোশাকে তিনি উপরে উঠেছিলেন। তাঁর পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। 

ঘটনা সম্পর্কে রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক লিখিত বক্তব্যে বলা হয়, এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট পরিচালনাসহ অন্যান্য কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। সব কার্যক্রম স্বাভাবিক আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে রাতে বিদেশগামী যাত্রীদের অনেকে অভিযোগ করেছেন, এ হামলার পর রাতে বহির্গমনের অল্প কয়েকটি প্রবেশপথ খোলা রেখে যাত্রীদের ভেতরে ঢোকানো হয়েছে। এ সময় অনেক যাত্রীর সঙ্গে নিরাপত্তাকর্মীরা দুর্ব্যবহার করেন।