বিমানবন্দরে দুই কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার দুই কেজি ২০০ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, সকাল ছয়টার দিকে মালয়েশিয়া থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ (বিজি-০৮৭) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ওই উড়োজাহাজে আসা যাত্রী এম এ রশীদ বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় শুল্ক গোয়েন্দারা তাঁকে আটক করেন। তাঁর শরীর তল্লাশি চালিয়ে দেড় কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, দেড় কেজি সোনাসহ রশীদকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
একই উড়োজাহাজে আসা অপর চার যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম সোনা আটক করা হয়। তাঁরা প্রত্যেকে ২০০ গ্রাম করে সোনা আনলেও কর দেননি। ওই চারজনকে প্রথমে আটক করা হলেও পরে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তবে সোনা জব্দ করা হয়েছে।