বিমানবন্দরে দুই কেজি সোনাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার দুই কেজি সোনাসহ রণজিৎ কুমার নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, গ্রেপ্তার রণজিৎ বেলা সোয়া ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসে (কেএল এমএইচ১০২) করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরের ইমিগ্রেশনে না গিয়ে তিনি সরাসরি দোতলায় ট্রানজিট লাউঞ্জে চলে যান। গোপন খবরের ভিত্তিতে সেখান থেকে দুপুর পৌনে ১২টার দিকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা রণজিৎকে দুটি সোনার বারসহ গ্রেপ্তার করেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, তিনি প্যান্টের দুই পকেটে এক কেজি করে ওজনের দুটি সোনার বার লুকিয়ে রেখেছিলেন। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় এক কোটি টাকা। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।