বিমানবন্দরে দেড় কোটি ভারতীয় রুপিসহ আটক ১

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬৫ লাখ ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আটক যাত্রীর নাম খলিল বেপারী (৩৫)। বাংলাদেশের টাকায় আটক রুপির মূল্য দুই কোটি ছয় লাখ।
আজ রোববার সকাল পৌনে আটটার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসে তিনি ঢাকায় আসেন। তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, খলিল পাকিস্তানের করাচি থেকে দুবাই হয়ে এসব ভারতীয় রুপি বাংলাদেশে নিয়ে এসেছেন। বিমানবন্দরের কাস্টমস হল থেকে খলিলের সঙ্গে থাকা মালপত্র তল্লাশি করা হয়। পরে রুপিগুলো উদ্ধার করা হয়।
খলিল তাঁর সঙ্গে থাকা বালিশ, কম্বল, মেয়েদের ব্যাগ এবং একটি কাগজের প্যাকেটে এসব মুদ্রা লুকিয়ে রেখেছিলেন।
মইনুল খান আরও জানান, এক হাজার রুপির ১৬৪টি বান্ডিল ছিল। খলিলের পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে, তিনি এ বছর ১৪ বার ঢাকা-দুবাই রুটে যাতায়াত করেছেন।
তবে খলিল শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের জানান, রুপিগুলোর মালিক তিনি নন। তিনি দুবাই থেকে এগুলো নিয়ে এসেছেন। প্রকৃত মালিক কে, তা জানাননি খলিল।