বিমানবন্দরে পণ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গোডাউনে একজনের পণ্য অন্যজন নিয়ে যাওয়ার চেষ্টা করলে কাস্টমস কর্মকর্তাদের তৎপরতায় তা রুখে দেওয়া সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ঢাকা কাস্টমস হাউস সূত্র জানিয়েছে, ‘ফোকলুন গার্মেন্টস’ নামে একটি প্রতিষ্ঠানের নামে গতকাল মঙ্গলবার চীন থেকে ১৫০ কার্টন কাপড় ও গার্মেন্টস সামগ্রী আসে। কিন্তু ফখরুল আলম নামের এক ব্যক্তি লোকজন নিয়ে অবৈধভাবে ও জোর করে এই মালামাল নিয়ে যাওয়ার পাঁয়তারা শুরু করেন। বুঝতে পেরে কাস্টমস কর্মকর্তারা বাধা দিলে তাঁরা পালিয়ে যান। পরে এসব পণ্য ঢাকা কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। এর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
এর আগে গত গত ১০ আগস্ট দুপুরে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স কুরিয়ার ইউনিট থেকে পণ্য ছিনতাইয়ের ঘটনা ঘটে। যুবলীগের নেতা হিসেবে পরিচিত শ্যামল ও প্রিন্সের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। কিন্তু সেই ঘটনায় এখনো পর্যন্ত মামলার প্রধান আসামিকে ধরতে পারেনি পুলিশ।