বিমানবন্দরে প্রায় ৩২ লাখ টাকার সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার ছয়টি বার ও বেশ কিছু সোনার গয়না উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ রোববার দুপুরে এগুলো উদ্ধার করা হয়।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে জানান, সৌদি আরব থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে এসব সোনা পাওয়া গেছে। যাত্রীরা হলেন ফারুক আহমেদ (৩৮), আসিরুল ইসলাম (৩৪) এবং নাজমুল হোসেন (৩৪)। তাঁদের মধ্যে প্রথম দুজন সৌদি এয়ারলাইনস ও পরের জন এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজে করে আসেন।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনার ভাষ্য, বিমানবন্দরের এক নম্বর ক্যানপি থেকে এই তিনজনের প্যান্টের পকেটে ১০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া ফারুক আহমেদের কাছে ৫০ গ্রাম ওজনের সোনার গয়না পাওয়া গেছে। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৩২ লাখ টাকা। সোনা উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।