বিমানবন্দরে বিদেশি সিগারেট আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় থাকা ১৫৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত বুধবার রাত একটার দিকে বিমানবন্দরের ৫ নম্বর ব্যাগেজ বেল্টের পাশে কার্টনগুলো পাওয়া যায়।
অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, কার্টনগুলোতে আমদানি-নিষিদ্ধ ৩১ হাজার ৬০০ শলাকা সিগারেট ছিল। গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা ৫ থেকে ৮ নম্বর বেল্টের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে আমদানিকারক যাত্রী তার মালামাল ট্রলিতে তোলার পরও তা ফেলে চলে যায়। তিনি আরও জানান, আটকের কিছুক্ষণ আগে মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ধারণা করা হচ্ছে, ওই ফ্লাইটের কোনো যাত্রী এই নিষিদ্ধ সিগারেট এনেছিলেন।
মইনুল খান বলেন, আমদানি নীতি অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ বক্তব্য লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর আরোপিত উচ্চ শুল্ক ফাঁকি দিতেই সিগারেটগুলো আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক করা সিগারেটের মধ্যে সুইজারল্যান্ডের ডানহিল ও কোরিয়ান ইজি ব্র্যান্ডের সিগারেট আছে। শুল্কসহ এই সিগারেটের দাম প্রায় ১২ লাখ ৬৪ হাজার টাকা।