বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা ও সিগারেট উদ্ধার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ঘটনায় আমদানি নিষিদ্ধ সিগারেট এবং বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এর মধ্যে গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে আমদানিনিষিদ্ধ ৬২ কার্টন বিদেশি সিগারেটসহ নূর আলম শেখ (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বিমানবন্দরের ক্যানোপি-১ দিয়ে বের হওয়ার সময় আটক হন।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, আটক সিগারেট বিমানবন্দর শুল্ক বিভাগে ডিএম রসিদ মূলে জমা দেওয়া হয়েছে। ইজি ব্র্যান্ডের এসব সিগারেটের মূল্য এক লাখ টাকা। নূর আলম শেখ এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে সকালে দুবাই থেকে ঢাকা আসেন।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বহির্গমন কনকোর্স হল থেকে ১২টি দেশের বিভিন্ন মুদ্রা উদ্ধার করা হয়। বাংলাদেশের মুদ্রায় এসব বিদেশি মুদ্রার মূল্যমান এক লাখ ৫৪ হাজার ৯০০ টাকা। এপিবিএনের দাবি, একজন ডলার ব্যবসায়ী পুলিশি তৎপরতা টের পেয়ে ওই বৈদেশিক মুদ্রা ফেলে পালিয়ে গেছেন। মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা করা হয়েছে।